KKR In IPL 2024: কেকেআরের অনুশীলনের শুরুতেই পুজো, নাইট শিবিরে প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী লাকি চার্ম মণীশ
KKR In IPL 2024: আজ থেকে ইডেনে অনুশীলন শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চেয়েও নজর কাড়লেন মেন্টর হিসেবে প্রত্যাবর্তন করা গৌতম গম্ভীর।
গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কেকেআর দু-বার আইপিএল খেতাব জিতেছিল। এবার নাইট শিবিরে প্রত্যাবর্তন হয়েছে ২০১৪ সালের ফাইনালের নায়ক মণীশ পাণ্ডের। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখিও হলেন।

মুম্বইয়ে ইতিমধ্যেই কেকেআরের শিবির হয়েছিল। তবে ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ দিয়ে অভিযান শুরুর আগে আজ থেকে ইডেনে অনুশীলনে নেমে পড়ল কেকেআর। কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটাররা অংশ নিলেন পুজোয়। উইকেটে মালা দিয়ে, ধুপ জ্বেলে হলো সেই পুজো।
টিম মিটিংয়ে দলকে উদ্বুদ্ধ করলেন চন্দ্রকান্ত, গম্ভীররা। অনেক পুরানো মুখ, সেই সঙ্গে নতুনরাও রয়েছেন। ওয়ার্ম আপ থেকে নেট প্র্যাকটিস সবই চলল। ধাপে ধাপে অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে বিদেশিরাও আসবেন। সবমিলিয়ে লাকি চার্ম গম্ভীরে আস্থা রেখে ১০ বছরের ট্রফির খরা মেটাতে চাইছে কেকেআর।
লাকি চার্ম মণীশ পাণ্ডেও। শেষবার নাইটরা খেতাব জেতে ২০১৪ সালে। সেবার ফাইনালে তিনি নেমে ৫০ বলে ৯৪ রানে ইনিংস খেলেছিলেন মণীশ, ম্যাচের সেরাও হন। ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতেছিল কেকেআর। ২০১৭ সালের পর নাইট শিবিরে ফিরে ভালোই লাগছে বলে জানান মণীশ।
মণীশ বলেন, কেকেআরের তরফে আমার কেরিয়ারে অনেক কিছু পেয়েছি। ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। গৌতি (গম্ভীর) ভাইকে পেয়ে ভালো লাগছে। তাঁর অধিনায়কত্বে খেলেছি। জিজির সিরিয়াসনেস, অ্যাটিটিউড অনুপ্রাণিত করে। চন্দ্রকান্ত পণ্ডিতের নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে অনেক দল সাফল্য পেয়েছে।
টিম মিটিংয়ে দলকে যেভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে তার প্রশংসা করে মণীশ বলেন, আজই প্রথম দিনের অনুশীলন ছিল। সুযোগ পাওয়ার কথা এখনই মাথায় রাখছি না। আগে দায়িত্ব বুঝে নিতে চাই। অনুশীলন ম্যাচ, নেট প্র্যাকটিসে ভালো করাই লক্ষ্য। সেরাটাই দেব।
কেকেআর নতুন ও পুরানোদের মিশ্রণে যে দল গড়েছে তা যথেষ্টই শক্তিশালী বলে মনে করছেন মণীশ। অধিনায়ক শ্রেয়স সম্পর্কে বলেন, ভারতীয় দল, ভারতীয় এ দলে একসঙ্গে খেলেছি। তাঁর অধিনায়কত্বে খেলা উপভোগ করতে চাই। শিখতেও চাই অনেক কিছু। শুধু কেকেআর নয়, ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও খুব প্রতিযোগিতা রয়েছে। দল জিতলে ভালো অনুভূতি হয়। ধাপে ধাপে নক আউট নিশ্চিত করা এবং খেতাব জেতাই লক্ষ্য। নির্ভীক ক্রিকেট খেলেই বাজিমাত সম্ভব, বিশ্বাস মণীশের।












Click it and Unblock the Notifications