IPL 2024: লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের পাশা ওল্টাতে কোন মন্ত্র গম্ভীরের? স্টার্কের পাশে দাঁড়িয়ে বিরাট সওয়াল
IPL 2024: আইপিএলে কাল বিকেল সাড়ে তিনটে থেকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। বিগত দুটি মরশুমে যে দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর।
কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীর এখন নাইটদের মেন্টর। লখনউয়ে থাকাকালীন তাঁর দল তিনবারই হারিয়েছে কেকেআরকে। এবার পাশা ওল্টাতে গোটা দলকে উজ্জীবিত করছেন গম্ভীর।

হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও মেন্টর গৌতম গম্ভীরই দল চালনার ক্ষেত্রে যেন ফ্রন্টফুটে। গম্ভীর অবশ্য এদিন জানালেন, ঘরোয়া মরশুমে সাফল্যের কারণেই পণ্ডিত কেকেআরের হেড কোচের পদে রয়েছেন। তাঁর সঙ্গে কাজ করতে পারা তিনি উপভোগই করছেন।
২০২২ সালে পুনে ও মুম্বইয়ে কেকেআরকে যথাক্রমে ৭৫ ও ২ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। গত বছর ইডেনে তারা জেতে ১ রানে। গম্ভীর এক প্রশ্নের উত্তরে জানালেন, ওই দলের তিনিও যেমন অনেক কিছু জানেন, তেমনই গম্ভীরের রণকৌশল সম্পর্কে ওয়াকিবহাল লখনউ।
এবার ইডেনে নতুন লড়াই। স্কোরবোর্ড থেকে সব কিছু শূন্য থেকেই শুরু হবে। এবারের আইপিএলে চারটির মধ্যে তিনটি ম্যাচ কেকেআর যেভাবে জিতেছে তাতে দলের পারফরম্যান্সে খুশি গম্ভীর মনে করেন, এমন ধারাবাহিকতা দেখাতে পারলে লখনউয়ের বিরুদ্ধে প্রথম জয় পেতে অসুবিধা হবে না নাইটদের।
আপাতত টানা ৫টি হোম ম্যাচ রয়েছে কেকেআরের। যদিও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে একেকটি ম্যাচ ধরে এগোতে চাইছেন গম্ভীর। তিনি বলেন, এটা ঠিক ফ্যানেরা মাঠে আসেন হোম টিমের জয় দেখতে। তবে ভালো টিম, চ্যাম্পিয়ন সাইড হতে গেলে হোম, অ্যাওয়ে সব ধরনের কন্ডিশনেই জিততে হবে।
একাদশে খুব বেশি রদবদল যে গম্ভীরের পছন্দ নয়, সেটাও বোঝা গেল। এমনিতেই নীতীশ রানা এখনও ফিট নন। গম্ভীর সাফল্যের সন্ধান পেতে গুরুত্ব দিচ্ছেন হ্যাপি ড্রেসিংরুমকে। অঙ্গকৃষ রঘুবংশী, হর্ষিত রানা, বৈভব অরোরা যেভাবে চাপের মুখে পারফর্ম করছেন তা তাঁদের কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে গম্ভীরের।
ফিল সল্ট চেন্নাই ম্যাচে ০ রানে আউট হয়েছিলেন। কিন্তু তাঁকে কালকের ম্যাচে খেলানোর আভাস দিয়ে গম্ভীর বলেন, সুনীল নারিনের সঙ্গে এবারের আইপিএলে তাঁর পার্টনারশিপ ভালো হচ্ছে। মিচেল স্টার্কও ছন্দহীন। কিন্তু যেহেতু দলের জিততে অসুবিধা হচ্ছে না, তাই স্টার্কের পাশেই রয়েছেন গম্ভীর।
গম্ভীরের কথায়, ক্রিকেট হলো টিম-গেম। আমরা যদি না জিততাম তা হলে অন্য প্রশ্ন ছিল। স্টার্ককে কত টাকা দিয়ে নেওয়া হয়েছে সেটা মূল বিষয় নয়। চারটি ম্যাচ খারাপ খেললেই কেউ খারাপ ক্রিকেটার হয়ে যান না। হতেই পারে কালকের ম্যাচেই তিনি ভালো খেললেন।
কোনও ম্যাচকেই পারফেক্ট বলে মনে করেন না গম্ভীর। তাঁর মতে, প্রতি ম্যাচেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতির অবকাশ থাকে। চ্যাম্পিয়ন সাইড হতে গেলে সেই উন্নতির প্রক্রিয়াই বজায় রাখার পক্ষপাতী গম্ভীর। সুনীল নারিন তাঁর চ্যাম্পিয়ন টিমে ছিলেন। গম্ভীর জানান, তিনি ঘরে ফিরে আসায় নারিন খুশি। নারিন ভালো পারফর্ম করছেন। নারিনের সঙ্গে তাঁর অনেক আবেগঘন মুহূর্তও যে রয়েছে তা জানিয়েছেন নাইটদের মেন্টর।












Click it and Unblock the Notifications