IPL 2024: অযোধ্যায় রাম মন্দির ঘুরে এলেন কেশব মহারাজ, LSG-র প্রোটিয়া সোশ্যাল মিডিয়ায় লিখলেন জয় শ্রী রাম!
IPL 2024: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। ভারতে এলেই তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন।
আজ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। মহারাজ সারলেন অযোধ্যার রাম মন্দিরে রাম লালা দর্শন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন জয় শ্রী রাম।

কেশব ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের আদি নিবাস ছিল উত্তরপ্রদেশের সুলতানপুরে। কেশবের বাবার নাম আত্মানন্দ মহারাজ, মা কাঞ্চন মালা। ফলে হিন্দু পরিবারের সন্তান কেশব, তাঁর জন্ম কোয়াজুলু নাটালে। কেশবের ব্যাটে থাকে ওঁ চিহ্ন, উইকেট পেলে হাতজোড় করে প্রণাম করেন।
এ ছাড়া ভারতে তো বটেই, কেশব দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নামার সময়ও ডিজে বাজান রাম সিয়া রাম গানটি। লখনউ সুপার জায়ান্টস দলে যোগদানের সময়ও তার ব্যতিক্রম হয় না। এর আগে তিনি গিয়েছিলেন তিরুঅনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে। আজ গেলেন রাম মন্দিরে। রাম মন্দির উদ্বোধনের দিন জয় শ্রী রাম লিখে ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন মহারাজ।
শ্রী রাম চন্দ্রের কাছে তিনি সকলের জন্য যে আশীর্বাদ চাইলেন তা স্পষ্ট মহারাজের ইনস্টাগ্রাম পোস্টেই। এসএ২০-তে ডারবান সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেছেন কেশব। সেই টুর্নামেন্টের সূচির কারণে ইচ্ছে থাকলেও আসতে পারেননি রাম মন্দিরের উদ্বোধনের দিন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মহারাজ জানিয়েছিলেন, তিনি রাম লালা প্রাণপ্রতিষ্ঠায় হাজির থাকতে না পারলেও নিশ্চিতভাবেই একবার মন্দিরে যাবেন। আপাতত আজ একা ঘুরে এলেও পরবর্তীকালে পরিবারের সদস্যদের নিয়ে রাম মন্দির-সহ ভারতের কয়েকটি তীর্থক্ষেত্রে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।
কেশব মহারাজ নিজের ঈশ্বর-ভক্তিও গোপন করেন না। তিনি 'শ্রী রামচন্দ্র' ও 'শ্রী হনুমানজির' বড় ভক্ত। সে কথা তাঁর অনুরাগীরাও জানেন, সতীর্থরাও। রাম সিয়া রাম গানটি বেজে উঠলেই তাঁর ক্রিকেটে ফোকাস করতে সুবিধা হয় বলে উপলব্ধি কেশবের। তাঁর বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদেই এই জায়গায় পৌঁছেছেন। ডিজেদের কাছে তিনি এই গান বাজানোর আর্জি রাখেন। বিশেষ করে ব্যাট করতে নামলেই এই গান বেজে ওঠে স্টেডিয়ামে।
তবে কেশব মহারাজ একা নন, লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, সাপোর্ট স্টাফ জন্টি রোডস, ক্রিকেটার রবি বিষ্ণোইও এদিন গিয়েছিলেন অযোধ্যার রাম মন্দিরে।












Click it and Unblock the Notifications