IPL 2024, LSG vs DC: জয়ের সরণিতে ফিরল দিল্লি ক্যাপিটালস, ঘরের মাঠে হেরে কলকাতায় আসছে লখনউ
IPL 2024, LSG vs DC: আইপিএলে ফিনিক্স পাখির মতো জেগে উঠল দিল্লি ক্যাপিটালস। এই নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবার তারা জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
বল হাতে কুলদীপ যাদব এবং ব্যাটিংয়ে অবদান রাখলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অধিনায়ক ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নাররা। ১১ বল বাকি থাকতে জয় ৬ উইকেটে।

লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে লখনউ সুপার জায়ান্টস ব্যাটিং নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। আয়ুশ বাদোনি সাতে নেমে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৫ করে অপরাজিত থাকেন।
অধিনায়ক লোকেশ রাহুল ২২ বলে ৩৯, কুইন্টন ডি কক ১৯, দেবদত্ত পাড়িক্কল ৩, মার্কাস স্টইনিস ৮, নিকোলাস পুরান ০, ইমপ্যাক্ট সাব দীপক হুডা ১০ ও ক্রুণাল পাণ্ডিয়া তিন রানে আউট হন। ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন আর্শাদ খান।
কুলদীপ যাদব ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট দখল করেন। খলিল আহমেদ ৪ ওভারে ৪১ রান খরচ করে নেন ২ উইকেট। ইশান্ত শর্মা ৪ ওভারে ৩৬ ও মুকেশ কুমার ৪ ওভারে ৪১ রান খরচ করে ১টি করে উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস, যে ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৫ বলে সর্বাধিক ৫৫ রান করেন।
পৃথ্বী শ ২২ বলে ৩২, ডেভিড ওয়ার্নার ৮, ঋষভ পন্থ ২৪ বলে ৪১ রান করেন। ট্রিস্টান স্টাবস ৯ বলে ১৫ ও শেই হোপ ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন। চার উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে ঋষভ পন্থের দল। রবি বিষ্ণোই ২টি এবং নবীন উল হক ও যশ ঠাকুর ১টি করে উইকেট নিয়েছেন।
আর্শাদ খান ৩.১ ওভারে ৩৪, ক্রুণাল পাণ্ডিয়া ৩ ওভারে ৪৫ ও মার্কাস স্টইনিস ১ ওভারে ১০ রান খরচ করে কোনও উইকেট নিতে পারেননি। এই ম্যাচ হারায় পয়েন্ট তালিকায় চারে নেমে গেল লখনউ সুপার জায়ান্টস। ৫ ম্যাচে তাদের রয়েছে ৬ পয়েন্ট। নেট রান রেটে (০.৪৩৬) এগিয়ে থেকে তিনে সিএসকে (০.৬৬৬)।
দিল্লি ক্যাপিটালস এই ম্যাচের আগে অবধি ছিল সকলের নীচে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট দখল করে তারা উঠে এলো নবম স্থানে। দশে নেমে গেল আরসিবি, যাদের ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস, তাদের রয়েছে ৮ পয়েন্ট।
পয়েন্ট তালিকার দুই থেকে ছয় অবধি সব দলেরই রয়েছে ৬ পয়েন্ট করে। সাত থেকে নয়ে থাকা তিনটি দলের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট করে। এদিন চলতি মরশুমে দ্বিতীয় পরাজয়ের শিকার হলো লখনউ, তাও আবার ঘরের মাঠে, যেখানে তাদের ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো। রবিবার ইডেনে বিকেল সাড়ে তিনটে থেকে লখনউ সুপার জায়ান্টস খেলবে কেকেআরের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications