IPL 2024, CSK vs KKR: ঝোড়ো শুরুর পরও বড় রান পেল না কেকেআর, বল হাতে দাপট জাড্ডু-তুষারের
IPL 2024, CSK vs KKR: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের চিপকে কলকাতা নাইট রাইডার্সকে চাপেই রাখল চেন্নাই সুপার কিংস। ঝোড়ো শুরুর পরেও বড় স্কোর খাড়া করতে পারল না শ্রেয়স আইয়ারের দল।
অধিনায়ক শ্রেয়সই নাইটদের হয়ে সর্বাধিক রান করলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে ফের জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। তাঁর মতোই। তিন উইকেট পেলেন তুষার দেশপাণ্ডে।

চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে এদিনই প্রথমবার টস জেতেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারের প্রথম বলেই ফিল সল্টকে ফেরান তুষার দেশপাণ্ডে। দারুণ ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। এরপর পাওয়ারপ্লে-র ৬ ওভারে আর কোনও উইকেট হারায়নি কেকেআর।
৬.১ ওভারে অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান জাদেজা। নাইটদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫৬ রানে। রঘুবংশী ১৮ বলে ২৪ রান করেন। ২০ বলে ২৭ রান করে সুনীল নারিন আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৬.৫ ওভারে ৬০। নারিনকেও ফেরান জাদেজাই।
নবম ওভারের দ্বিতীয় বলে ভেঙ্কটেশ আইয়ার জাদেজার তৃতীয় শিকার। আইয়ার ৮ বলে তিন রান করে সাজঘরে ফেরেন, কেকেআরের চতুর্থ উইকেটটি পড়ে ৬৪ রানে। ১১.৫ ওভারে দলগত ৮৫ রানে আউট হন রামনদীপ সিং, ১২ বলে ১৩ রান করে তিনি মাহিশ থিকশানার শিকার।
রিঙ্কু সিংও সুবিধা করতে পারেননি। তিনি ১৪ বলে ৯ রান করে দেশপাণ্ডের বলে বোল্ড হন, কেকেআরের ষষ্ঠ উইকেট পড়ে ১৬.৪ ওভারে ১১২ রানে। বিপজ্জনক আন্দ্রে রাসেলও দেশপাণ্ডের শিকার। তিনি ১০ বলে ১০ রান করেন। ১৮.২ ওভারে ১২৭ রানে সপ্তম উইকেট হারায় কেকেআর।
২০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে ১৩৫ রানেই অষ্টম ও নবম উইকেট পড়ে কেকেআরের। প্রথমে শ্রেয়স আইয়ারকে ফেরান মুস্তাফিজুর রহমান। নাইট অধিনায়ক তিনটি চারের সাহায্যে চারে নেমে ৩২ বলে ৩৪ রান করেন। আইপিএলের সবচেয়ে দামী মিচেল স্টার্ক ৩ বলে কোনও রান না করে আউট হন।
কেকেআর ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তুলেছে। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৩৩ ও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনটি করে উইকেট দখল করেন। মার্কিন ভিসা জটিলতা কাটাতে বাংলাদেশে যাওয়ার পর ফিরে এসেই ভরসা দিলেন মুস্তাফিজুর। তিনি ৪ ওভার হাত ঘোরান, ২২ রান দিয়ে নিলেন ২ উইকেট। চার ওভারে ২৮ রান খরচ করে মাথিশা পাথিরানা নেন ১ উইকেট।












Click it and Unblock the Notifications