IPL 2024: ভোটের মধ্যেই ভারতে আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনা, ইডেনে কেকেআরের ম্যাচ নিয়ে সংশয়
একদিকে আইপিএল অন্যদিকে লোকসভা ভোট। চলতি বছরের একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা দেশের দুটি মেগা ইভেন্টের। কিন্তু দেশজুড়ে লোকসভা ভোটের আবহে কীভাবে অনুষ্ঠিত হবে আইপিএল? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে ২০০৯ বা ২০১৪ সালের মতোই আইপিএল চলে যাবে যাবে বিদেশে। বছরের শুরুতেই আইপিএল নিয়ে চলে এল বিরাট আপডেট।
সাধারণত মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় আইপিএল। এবার ২২ মার্চ থেকে আইপিএল শুরু করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। কারণ জুনের শুরুতেই টি২০ বিশ্বকাপ আছে। কিন্তু এবার নির্ধারিত সময়ে ভারতের মাটিতে আইপিএল হওয়া নিয়ে কিছুটা সংশয় আছে, কারণ লোকসভা ভোট। আইপিএল নিয়ে বিকল্প প্ল্যানও রেডি করে ফেলেছে বিসিসিআই।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই হবে এই প্রতিযোগিতা। অন্য দেশে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবাই হচ্ছে না। কিন্তু একসঙ্গে কীভাবে হবে লোকসভা ভোট ও আইপিএল। নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা যেতে পারে। যদিও তার বিকল্প ভাবনা তৈরি রেখেছে বোর্ড।
বোর্ডের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, 'কোনও রাজ্যে নির্বাচন চলাকালীন সেই রাজ্যে আইপিএলের ম্যাচ পড়লে যদি নিরাপত্তা নিয়ে সমস্যা হয়, তা হলে সেই ম্যাচ অন্য কোনও রাজ্যের মাঠে আয়োজন করা হতে পারে। যে রাজ্যে আইপিএলের দল নেই এবং সেই সময়ে নির্বাচন নেই, সেই রাজ্যগুলিকেই প্রাধান্য দেওয়া হবে এ ক্ষেত্রে।'
বোর্ডের এই ভাবনা বাস্তবে রূপ পেলে এবার ১০ শহরের বাইরেও আইপিএলের ম্যাচ হতে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি কলকাতায় কেকেআরের ম্যাচের সময় ভোট পড়ে তাহলে সেই ম্যাচ গুয়াহাটি বা কটকে করা হতে পারে যদি সেই সময় সেই শহরে ভোট না থাকে। এই পরিকল্পনা কার্যকর হবে অন্য দলদগুলির ক্ষেত্রে।
মার্চ-এপ্রিল মাসেই দেশে অনুষ্ঠিত হবে লোকসভা ভোট। তার উপর জুন মাসের শুরুতেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। ফলে সাঁড়াশি চাপে ২০২৪ সালের আইপিএল। জয় শাহের ভারতীয় ক্রিকেট বোর্ড এখন তাকিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দিকে। আগামী বছরের গোড়ায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। সেই প্রস্তুতি দেখেই হয়তো আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।












Click it and Unblock the Notifications