IPL 2024: টেস্ট অবসর ভাঙলেন আচমকাই! ইডেনে কেকেআর ম্যাচে বিশ্বের ২ নম্বরকে পাবে না সানরাইজার্স
IPL 2024: ইডেনে ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে প্যাট কামিন্সের দলকে সমস্যায় ফেললেন টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর স্পিনার।
শ্রীলঙ্কার টি২০ দলের অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা সাদা বলের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে গত বছরই অগাস্টে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। যদিও মত পাল্টালেন এবার।

বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার একদিনের সিরিজ আজই শেষ হয়েছে। ২২ মার্চ থেকে এপ্রিলের ৩ তারিখ অবধি বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিলিটে প্রথম টেস্ট ২২ মার্চ থেকে। ৩০ মার্চ থেকে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট। শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা হয়েছে আজ। তাতে রাখা হয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গাকে।
ইডেনে ২৩ তারিখ খেলার ফল সানরাইজার্সের ম্য়াচ রয়েছে মার্চের ২৭, ৩১ এবং ৫ এপ্রিল। ফলে প্রথম তিনটি ম্যাচে তো বটেই, প্রথম চারটি ম্যাচেই হাসারঙ্গাকে ছাড়াই নামতে হবে সানরাইজার্সকে। কেন না, টেস্ট সিরিজ শেষ হবে ৩ এপ্রিল। ফলে ৪ তারিখ এসে ৫ তারিখ হাসারঙ্গার আইপিএল খেলার সম্ভাবনা ক্ষীণ।
২০২১ সালে হাসারঙ্গাকে অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসেবে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর আইপিএলের মেগা অকশন থেকে তাঁকে ১০.৭৫ কোটি টাকায় কেনে আরসিবি। আইপিএলে ২৬ ম্যাচ খেলে হাসারঙ্গা ৩৫ উইকেট নিয়েছেন, ইকনমি ৮.১৪।
এদিকে, লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে গেলেন ন্য়াশনাল ক্রিকেট আকাদেমি থেকে। যদিও প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে উইকেটকিপিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ব্যাটার হিসেবে রাহুল আইপিএল খেলার জন্য পুরোপুরিভাবে ফিট।
এরই মধ্যে ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফ আইপিএল থেকে ছিটকে গেলেন চোটের কারণে। তাঁর পরিবর্ত হিসেবে হার্দিক পাণ্ডিয়ার দলে এলেন লুক উড। ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার ৫টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন, ৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ওডিআই খেলেছেন ২টি। উডকে বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় নিল মুম্বই।












Click it and Unblock the Notifications