IPL 2024: কেকেআর জোর ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে, জরিমানার সঙ্গে সাসপেন্ড নাইট তারকা
IPL 2024: আইপিএলে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। তার আগেই জোরালো ধাক্কা খেল শ্রেয়স আইয়ারের দল।
আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা হলো পেসার হর্ষিত রানার। সেই সঙ্গে তাঁকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তিতেই এই শাস্তি।

আইপিএলের তরফে রানার শাস্তির কথা জানানো হলেও কোন ঘটনার জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ তা খোলসা করা হয়নি। আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের জন্য শাস্তি বলে উল্লেখ করা হয়েছে। ম্যাচ রেফারির কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন বলেও প্রেস বিবৃতিতে উল্লেখ।
ইডেনে কলকাতা নাইট রাইডার্স গতকাল হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। সেই ম্যাচেই রানা আইপিএলের কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেন বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। একই ধরনের অপরাধের জন্য আগেও তাঁর শাস্তি হয়েছিল বলেও উল্লেখ।
রানা গতকাল ২৮ রানে ২ উইকেট নিয়েছেন। রানার বলে বোল্ড হয়েছিলেন অভিষেক পোড়েল। সেই উইকেট নেওয়ার পর সেলিব্রেশনের সময় রানা যে অঙ্গভঙ্গি করেছিলেন অভিষেককে লক্ষ্য করে, সে কারণেই তাঁকে শাস্তির মুখে পড়তে হলো বলে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ।
ঘটনাটি ঘটেছিল দিল্লি ক্যাপিটালস ইনিংসের সপ্তম ওভারে। গত মাসে রানা শাস্তির মুখে পড়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাঁর আচরণের জন্য। ময়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর ব্যাটারের দিকে যেভাবে তাকিয়েছিলেন, সেটাই বিপাকে ফেলে হর্ষিতকে।
সেই ম্যাচে ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা ধার্য হয়েছিল হর্ষিত রানার। যদিও তাতেও তিনি যে সতর্ক হননি, অভিষেককে আউট করার পর তাঁর কীর্তিকলাপেই তা স্পষ্ট। তবে এবার তিনি সাসপেন্ড হলেন। ফলে কেকেআরকে বাধ্য হয়েই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কম্বিনেশনে বদল আনতে হবে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে কেকেআর। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ১.০৯৬।












Click it and Unblock the Notifications