IPL 2024: হার্দিক রেকর্ড গড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পথে, আইপিএলে অধিনায়কদের দলত্যাগের নজির আছে?
IPL 2024: হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্সে ২ মরশুম কাটিয়ে ফিরতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে। যদিও দুই দলের তরফে এখনও কিছুই জানানো হয়নি।
কাল বিকেল চারটের মধ্যে ফ্র্যাঞ্জাইজিগুলিকে জানিয়ে দিতে হবে কাদের তারা রাখথে, কাদের ছেড়ে দিচ্ছে। তবে আইপিএলে ট্রেডিংয়ে রেকর্ড গড়ে ঘর ওয়াপসি হতে পারে হার্দিকের।

শেষ মুহূর্তে কোনও বড় পরিবর্তন না হলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে হার্দিকের সঙ্গে কথাবার্তা চূড়ান্তই হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ২০১৫ সালে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিতেই আইপিএল কেরিয়ার শুরু হার্দিকের। ২০২১ সালের মেগা নিলামে হার্দিককে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিককে নেয় গুজরাত টাইটান্স।
হার্দিকের নেতৃত্বে প্রথম মরশুমেই গুজরাত টাইটান্স আইপিএল খেতাব জেতে। চলতি বছর রানার-আপ হয়। জানা গিয়েছে, এবারের আইপিএল শেষের পরই হার্দিককে দলে ফেরাতে উদ্যোগী হয় মুম্বই ইন্ডিয়ান্স। যে বিষয়টি চূড়ান্ত রূপ পেতে চলেছে কয়েক ঘণ্টার মধ্যেই। তবে হার্দিক ফিরলে রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে।
হার্দিককে নেওয়ার জন্য তাঁর বেতন বাবদ ১৫ কোটি টাকা দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে ট্রান্সফার ফি কত দেবে তা নিয়ে চর্চা তুঙ্গে। এই অঙ্কের পরিমাণ জানা যায়নি। এই ট্রান্সফার ফি-র সর্বোচ্চ ৫০ শতাংশ জমা পড়বে হার্দিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফলে আইপিএলের ট্রেডিংয়ে সর্বকালীন রেকর্ড গড়ার পথে হার্দিক।
গত মরশুমের নিলামের শেষে মুম্বইয়ের কোষাগারে পড়ে ০.০৫ কোটি টাকা। এবার ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে আরও ৫ কোটি টাকা নিয়ে যেতে পারবে নিলামে। ফলে হার্দিককে নিতে হলে অনেক ক্রিকেটারকে ছাড়তেই হবে মুম্বইকে। সেক্ষেত্রে ৮ কোটির জোফ্রা আর্চার-সহ কয়েকজনকে ছাড়ার কথা।
কয়েকটি সংবাদমাধ্যমে রোহিত শর্মার গুজরাত টাইটান্সে যাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। যদিও সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটা দেখার। আইপিএলের ইতিহাসে ২ অধিনায়ক ট্রেডিংয়ের মাধ্যমে দল বদল করেছেন। ২০২০ সালে কিংস ইলেভেন পাঞ্জাব থেকে দিল্লি ক্যাপিটালসে যান রবিচন্দ্রন অশ্বিন, রাজস্থান রয়্যালস থেকে দিল্লিতে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে।
মুম্বই ২০২১ সালে হার্দিককে ছাড়ার পর সিভিসি ক্যাপিটাল পার্টনারশিপের মালিকানাধীন গুজরাত টাইটান্স পাণ্ডিয়ার সঙ্গেই রশিদ খানকে ১৫ কোটি, শুভমান গিলকে ৭ কোটি টাকায় নিয়েছিল। হার্দিকের দলত্যাগে এই দুজনের মধ্যে থেকে কাউকে অধিনায়ক বেছে নিতে পারে গুজরাত টাইটান্স। উল্লেখ্য, হার্দিক ২০১৫ সালে আনক্যাপড প্লেয়ার হিসেবে সুযোগ পান মুম্বইয়ে। তখন দর ছিল ১০ লক্ষ টাকা। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে হার্দিক মুম্বইয়ে থাকাকালীন আইপিএল জেতেন। গুজরাতকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১ বার।












Click it and Unblock the Notifications