IPL 2024: মহম্মদ শামির পরিবর্ত চূড়ান্ত করল গুজরাত টাইটান্স, বাংলার কেউ কি আইপিএলের আসরে?
IPL 2024: মহম্মদ শামি পায়ের অস্ত্রোপচারের কারণে আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন। কিন্তু গুজরাত টাইটান্স তাঁর পরিবর্ত কাকে বেছে নেবে, তা নিয়ে চলছিল জল্পনা।
শামির ভাই মহম্মদ কাইফ চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ভালো খেলেছেন। তাঁর নামও ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শামির বিকল্পের নাম জানিয়ে দিল গুজরাত টাইটান্স।

শামির পরিবর্ত হিসেবে কাইফের পাশাপাশি ঈশান পোড়েলের আইপিএল ভাগ্য খোলার বিষয়ে আশায় ছিলেন বাংলার ক্রিকেট কর্তারা। যদিও বাংলার কেউ শামির পরিবর্ত হিসেবে আইপিএলে সুযোগ পেলেন না। কেরলের হয়ে কেরিয়ার শুরু করে বর্তমানে তামিলনাড়ুতে থাকা বোলার ডাক পেলেন আইপিএলে।
সন্দীপ ওয়ারিয়ারকে ২০১৯ সালে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ড্রেসিংরুমেও ছিলেন। ২০১৯ সালের আইপিএলে তিনটি এবং ২০২০ ও ২০২১ সালে একটি করে আইপিএল ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন দুটি, ২০১৯ সালেই।
এবারের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ৯টি ম্যাচে তাঁর ২৪ উইকেট রয়েছে। বছর বত্রিশের মিডিয়াম পেসার সন্দীপ ওয়ারিয়ার গুজরাত টাইটান্স দলে সুযোগ পেলেন ৭২টি টি২০ ম্যাচে ৬৩ উইকেট ঝুলিতে নিয়ে। দেশের হয়ে ২০২১ সালে একটিই টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ব্যাট হাতে ২৩ রান করলেও বোলিং করার সুযোগ পাননি।
সন্দীপকে গুজরাত টাইটান্স নিল বেস প্রাইস ৫০ লক্ষ টাকায়। আমেদাবাদে গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার দলও এদিন বড় ধাক্কা খেল। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা।
মাদুশঙ্কার পরিবর্ত নেওয়ার ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্স বেশ চমক দিল। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা (Kwena Maphaka) সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন। তিনি বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।












Click it and Unblock the Notifications