IPL 2024: ধারাবাহিকতার অভাব কাটানোর লক্ষ্যে গুজরাত টাইটান্স, জয় ছাড়া পথ নেই আরসিবির, কেমন হবে একাদশ?
IPL 2024: আইপিএলে কাল রবিবার রয়েছে ২টি ম্যাচ। বিকেল সাড়ে তিনটেয় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গুজরাত টাইটান্সকে যেমন এবার ভোগাচ্ছে ধারাবাহিকতার অভাব, অন্যদিকে ৬ ম্যাচ হারার পর সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর আরসিবির। অঙ্কের নিয়মে টিকে থাকতেও যাদের জয় ছাড়া গতি নেই।

আইপিএলে গুজরাত টাইটান্স ও আরসিবির পারস্পরিক দ্বৈরথ হয়েছে তিনটি। ২০২২ সালে মুম্বইয়ে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্স ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছিল। ফিরতি সাক্ষাতে আরসিবি ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে। গত বছর বেঙ্গালুরুতে আরসিবিকে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল টাইটান্স।
গুজরাত টাইটান্স এবার প্রথম ম্যাচ জেতে মুম্বইয়ের বিরুদ্ধে, পরের ম্যাচে হারে চেন্নাই সুপার কিংসের কাছে। তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালেও পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হারে যথাক্রমে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের কাছে।
সপ্তম ম্যাচে হারায় রাজস্থান রয়্যালসকে, অষ্টম ম্যাচে পরাস্ত হয় দিল্লি ক্যাপিটালসের কাছে। সর্বশেষ অর্থাৎ নিজেদের নবম ম্যাচে মুল্লানপুরে গিয়ে পাঞ্জাব কিংসকে হারিয়েছে। ৯ ম্যাচে শুভমান গিলদের পয়েন্ট ৮। প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে কালকের ম্যাচে জিততে বদ্ধপরিকর টাইটান্স।
চলতি আইপিএলে হোম ম্যাচে গুজরাত টাইটান্স প্রথম দুটি জেতে, পরের দুটি হারে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স শেষ জেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ৩১ মার্চ। ৪ ও ১৭ এপ্রিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়েছিল। দুই দলই উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে।
চলতি আইপিএলে চারটি ম্যাচে একবারই কোনও দল এই স্টেডিয়ামে ২০০ রান করেছে (গুজরাত ৪ উইকেটে ১৯৯ তোলার পর পাঞ্জাব তোলে ১৯.১ ওভারে ৭ উইকেটে ২০০)। এই মাঠে সর্বনিম্ন স্কোর গুজরাত টাইটান্সেরই, দিল্লি ক্যাপিটালসের কাছে ৮৯ রানে গুটিয়ে যায়।
বিকেলে এই নিয়ে এই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ হচ্ছে। এর আগে, বিকেল সাড়ে তিনটেয় শুরু হওয়া ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে ১৬২ রানে বেঁধে ফেলে গুজরাত জয় ছিনিয়ে নিয়েছিল ৫ বল বাকি থাকতেই। কালকের খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই বা কেন উইলিয়ামসন, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আর সাই কিশোর, রশিদ খান, নূর আহমেদ, মোহিত শর্মা। বোলিংয়ের সময়- সন্দীপ ওয়ারিয়ার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটীদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহীপাল লোমরর, কর্ণ শর্মা, স্বপ্নিল সিং, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ। বোলিংয়ের সময়- যশ দয়াল।












Click it and Unblock the Notifications