IPL 2024: বিরাট চমক নাইটদের, চ্যাম্পিয়ন অধিনায়ককেই ডাগ আউটে ফেরাল কেকেআর
IPL 2024: ঘরে ফিরলেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হলেন প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপের আগে থেকেই গম্ভীরের কলকাতায় প্রত্যাবর্তন নিয়ে জল্পান শোনা যাচ্ছিল। অবশেষে বিশ্বকাপ পর্ব মিটতেই বিরাট চমক দিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। দুই বারের চ্যাম্পিয়ন অধিনায়ককেই ডাগ আউটে ফেরাল কেকেআর।

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হলেন গৌতম গম্ভীর। লখনউ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফের পুরানো ফ্রাঞ্চাইজিতেই ফিরলেন গম্ভীর। ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বেই আইপিএল ট্রফি জেতে কেকেআর। এরপর থেকে বার বার কোচ-অধিনায়ক বদল হয়েছে নাইট শিবিরে। কিন্তু কেউই ট্রফি জেতাতে পারেননি। ২০২৩ সালের আইপিএল মরসুম শেষ হওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছে গম্ভীরের ঘরে নিয়ে। অবশেষে বুধবার সেই জল্পনাতেই সিলমোহর দিল নাইট শিবির।
বুধবার নাইট শিবিরের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের আইপিএলে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন গৌতম গম্ভীর মেন্টর রূপে।২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিলেন গম্ভীর। এই সময়কালে অধিনায়ক হিসাবে দলকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন। এমনকি একবার চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে কলকাতাকে ফাইনালেও তুলেছেন। কিন্তু গোতিকে ছেঁটে ফেলার পর থেকেই সাফল্য অধরাই থাকে নাইটদের।
Welcome home, mentor @GautamGambhir! 🤗
— KolkataKnightRiders (@KKRiders) November 22, 2023
Full story: https://t.co/K9wduztfHg#AmiKKR pic.twitter.com/inOX9HFtTT
গত দুই মরসুম লখনউ দলের মেন্টর রূপে দেখা গিয়েছিল গম্ভীরকে। কিন্তু লখনউ দলকে কাঙ্খিত সাফল্য দিতে পারেননি। ফলে তাঁর লখনউ শিবির ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়। বুধবার সবকিছুর অবসান। আবার নাইট শিবিরে শুরু হচ্ছে গম্ভীর যুগ। তবে নয়া ভূমিকায়। মাঠের বাইরে ডাগ আউটে বসেই দলের রণকৌশল স্থির করবেন।
হেডস্যার হিসাবে থাকছেন ঘরোয়া ক্রিকেটে সফলতম কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেইসঙ্গে গম্ভীরের মস্তিষ্ক। ডাগ আউট কিন্ত শক্তিশালী করেই মাঠে নামছে নাইটরা। নতুন ভূমিকাতে যোগ দিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছেন গম্ভীরও। তিনি কেকেআরের লিখিত বার্তায় বলেছেন, 'আমি একেবারেই আবেগপ্রবণ মানুষ নই। খুব বেশি জিনিসে আমি প্রভাবিত হই না। কিন্তু এটা আলাদা বিষয়। যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল, সেখানেই ফিরে যেতে পারছি।
একইসঙ্গে তাঁর বার্তায় গম্ভীর উল্লেখ করেছন, 'আমি শুধু কেকেআরে ফিরছি না, একইসঙ্গে কলকাতায়ও ফিরছি। ২৩ নম্বর বেগুনি-সোনালী জার্সিটা আবার গায়ে চাপাতে পারব এটা ভেবেই উত্তেজিত লাগছে।আমি কেকেআর।' একইসঙ্গে লখনউ নিয়েও বিদায়ী বার্তা দিয়েছেন গোতি।
নাইট কর্ণধার শাহরুখ খান বার্তায় লিখেছেন, 'গৌতম গম্ভীর সবসময় আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিল। মেন্টর রূপে আমাদের প্রাক্তন ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। দলে ওর অভাব অনুভব করতাম। এখন গৌতমের চন্দ্রকাণ্ত পণ্ডিতের যুগলবন্দির অপেক্ষায় আছি। '












Click it and Unblock the Notifications