Gambhir-SRK Meet: শাহরুখের সঙ্গে সাক্ষাৎ গম্ভীরের, কেকেআরে ফেরার জল্পনা উস্কে দিলেন নীতীশ
Gambhir-SRK Meet: গৌতম গম্ভীর আদৌ লখনউ সুপার জায়ান্টসে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। আগামী বছর লোকসভা ভোট। গম্ভীর বিজেপি সাংসদ। ফলে লোকসভা ভোট নিয়ে ব্যস্ত থাকবেন।
এই পরিস্থিতিতে গম্ভীরকে আগামী মরশুমের আইপিএলের আসরে পুরোটা, নাকি আংশিক পাওয়া যাবে তা নিয়ে চর্চা চলছে। লখনউ ছেড়ে তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন, এমন জল্পনা চলার মধ্যেই সামনে এলো উল্লেখযোগ্য ছবি।

গৌতম গম্ভীর আজ টুইটে একটি ছবি পোস্ট করেছেন। এতে লেখা রয়েছে, শাহরুখ শুধু 'কিং অব বলিউড নন কিং অব হার্টস'। যখনই তাঁর সঙ্গে দেখা হয় তখনই অফুরন্ত ভালোবাসা ও সম্মান নিয়ে ফিরি। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। শাহরুখকে বেস্ট বলেও উল্লেখ করেছেন গম্ভীর।
কলকাতা নাইট রাইডার্সের সফলতম অধিনায়ক হলেন গম্ভীর। তাঁর অধিনায়কত্বেই কেকেআর ২০১২ ও ২০১৪ সালে আইপিএল খেতাব জিতেছে। গম্ভীর গত বছর থেকে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে রয়েছেন। এই দলের কর্ণধার কলকাতারই সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু গম্ভীর ইডেনে এলেই দর্শকরা তাঁকে অভিবাদন জানান। গম্ভীরকে ফিরিয়ে আনার দাবিও ওঠে।

এই পরিস্থিতিতে গম্ভীরের শেয়ার করা ছবি ও শাহরুখের উচ্ছ্বসিত প্রশংসায় নাইট ভক্তরা সুখবরের প্রত্যাশা করছেন। জল্পনাকে উস্কে দিয়েছেন শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দেওয়া নীতীশ রানা। তিনি গম্ভীরের টুইটটি রিটুইট করে লিখেছেন, দুই জগতের কিং একসঙ্গে। এটা কি ঘরে ফেরার ইঙ্গিত হতে পারে?
True kings in their own fields! 👑 👑
— Nitish Rana (@NitishRana_27) September 21, 2023
Could this be a sign of a homecoming? Just wondering 💭 https://t.co/Rcg8GkqmJn
সকলের মতো নীতীশও যে এই প্রশ্নের উত্তর খুঁজছেন তা বলাই বাহুল্য। ২০১৭ সালে কেকেআর ছেড়ে দিল্লি ক্যাপিটালসে গিয়েছিলেন গম্ভীর। তার পরের মরশুমের পরই অবসর নেন। এশিয়া কাপে সম্প্রতি গম্ভীরকে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় দেখা গিয়েছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের চ্যানেলে।
গম্ভীর কেকেআর ছাড়ার পর নাইটদের আইপিএলে সেরা সাফল্য ২০২১ সালে রানার-আপ হওয়া। গম্ভীরের মতো লাকি চার্মকে কিং খান ফেরানোর উদ্যোগ নিলেন কিনা তা স্পষ্ট হতে পারে আরও কিছুদিনের মধ্যেই।
(ছবি- গৌতম গম্ভীর ও নীতীশ রানার টুইটার)












Click it and Unblock the Notifications