IPL 2024: কেকেআরের ভাগ্যের চাকা ঘোরানোর নেপথ্যে গম্ভীর-শ্রেয়স জুটি! জল্পনার জন্য আছে যথেষ্ট কারণ
IPL 2024: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ২০২১ সালের পর এবারই প্রথম প্লে-অফে পৌঁছল। ২০২২ ও ২০২৩ সালে পয়েন্ট তালিকার সাতে শেষ করে লিগ পর্ব থেকেই বিদায় নেয় কেকেআর।
চোটের কারণে গত বছর ছিলেন না অধিনায়ক শ্রেয়স আইয়ার। নেতৃত্ব দেন নীতীশ রানা। এবার শ্রেয়সের হাতেই ফের অধিনায়কত্বের ব্যাটন। মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর।

২০১৮ সালে এই গৌতম গম্ভীর দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়ক হয়েছিলেন শ্রেয়স। ২০১৯ সালে দলের নাম হয় দিল্লি ক্যাপিটালস। সাত বছরের খরা মিটিয়ে শ্রেয়সের নেতৃত্বেই দিল্লির ফ্র্যাঞ্চাইজি পৌঁছয় প্লে-অফে।
২০২০ সালে শ্রেয়সের নেতৃত্বেই দিল্লি ক্যাপিটালস ফাইনালে ওঠে। যদিও খেতাব জিততে পারেনি। ২০২১ সালে শ্রেয়সের চোট ঋষভ পন্থের ক্যাপ্টেন হওয়ার পথ প্রশস্ত করে দিয়েছিল। ২০২২ সালের নিলামের আগে শ্রেয়সকে দিল্লি ছেড়ে দিলে কেকেআর তাঁকে দলে নেয়।
দিল্লিকে নেতৃত্ব দিয়ে দু-বারই প্লে-অফে তুলেছিলেন শ্রেয়স। কেকেআরকে নেতৃত্ব দিয়ে দু-বারের মধ্যে এবারই প্রথম দলকে শেষ চারে তুলে নিয়ে গেলেন শ্রেয়স। তাঁর নিজের ফর্ম ভালো যাচ্ছে না। অধিনায়কত্বেও বেশ কিছু খামতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ফিল্ড প্লেসিং মাঝেমধ্যেই ভালো করছেন।
গৌতম গম্ভীর কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক। নাইটরা যে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে ২০১২ ও ২০১৪ সালে তা গম্ভীরের নেতৃত্বেই। ২০২১ সালে কেকেআর ফাইনালে উঠেও হেরে গিয়েছিল, নেতৃত্বে ছিলেন ইয়ন মর্গ্যান। তবে গম্ভীর ও শ্রেয়সের লাক ফ্যাক্টরে ভর করে এবার কাপ জেতার প্রত্যাশায় নাইট শিবির, ভক্তরাও।
২০১৯ সালে তৃতীয় এবং ২০২০ সালে দ্বিতীয় দল হিসেবে আইপিএল প্লে-অফে পৌঁছেছিল শ্রেয়সের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। এবার এখনও অবধি কেকেআর দখলে রেখেছে শীর্ষস্থান। ফলে দলকে শেষ চারে তোলার নিরিখে এবারই সেরা পজিশনে শ্রেয়স। প্রথম দুইয়ে থাকলে কোয়ালিফায়ার ১-এ হারলেও কোয়ালিফায়ার ২ খেলার সুযোগ থাকে। ফলে এই প্রথম দুটি পজিশন গুরুত্বপূর্ণ।
২০১২ ও ২০১৪ সালে কেকেআর প্লে-অফে গিয়েছিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে। ২০২১ সালে গিয়েছিল চতুর্থ দল হিসেবে। নেট রান রেটে মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে। শ্রেয়স গতকাল ম্যাচের শেষে বলেন, আমি খেলার আগেই নিশ্চিত ছিলাম প্লে-অফে যাওয়ার বিষয়ে।
কারণ হিসেবে শ্রেয়স বলেন, আমরা অসাধারণ ক্রিকেট খেলছি। প্লেয়াররা দায়িত্ব নিচ্ছেন। আমাদের দলে অনেক গেমচেঞ্জার রয়েছেন। যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতার মানসিকতা রয়েছে সকলের মধ্যেই। ফলে যারা ভালো খেলে, তারাই জেতে।
ইডেনে এবার কেকেআর পঞ্চম জয়টি পেল গতকাল। ২০১০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়, ২০১৫ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে পাঁচটি হোম ম্যাচ জিতেছিল নাইটরা। সৌরভ, গম্ভীরের সঙ্গে নাম জুড়ল শ্রেয়সের। ২০১৪, ২০২২ সালের পর এই নিয়ে তৃতীয়বার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুটি ম্যাচেই জয় কেকেআরের। ২০১২ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়ে। এবার ফের সেই সুযোগ অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications