IPL 2024 Final: অধিনায়কের জন্যই আইপিএল ফাইনালে ফেভারিট সানরাইজার্স হায়দরাবাদ, কীভাবে?
IPL 2024 Final: আইপিএলের ফাইনাল কাল চেন্নাইয়ের চিপকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
চলতি আইপিএলের প্রথম দুই দলের দ্বৈরথ হচ্ছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে উড়িয়ে ফাইনালে উঠেছে কেকেআর।

২০১২, ২০১৪, ২০২১ সালের পর ফের আইপিএল ফাইনাল খেলবে কেকেআর। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি হিসেবে চতুর্থ আইপিএল খেলবে, সানরাইজার্স হায়দরাবাদ খেলবে তৃতীয় ফাইনাল। কেকেআর ২ বার খেতাব জিতেছে, হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিও ২ বার যার মধ্যে একবার সানরাইজার্স নামে।
আইপিএল যখন শুরু হয় তখন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম ছিল ডেকান চার্জার্স। যারা ২০০৯ সালে আইপিএল খেতাব জেতে। পরে সানরাইজার্স হায়দরাবাদ নাম হয় হায়দরাবাদের দলের। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়, ২০১৮ সালে রানার-আপ।
২০২১ সালে আট দলের মধ্যে অষ্টম স্থানে থেকে লিগ অভিযান শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০২২ সালে দশ দলের মধ্যে পায় অষ্টম স্থান। গত বছরের আইপিএলেও ১০ দলের মধ্যে দশম স্থানে থেকে শেষ করেছিল সানরাইজার্স। এবার অরেঞ্জ আর্মি পৌঁছে গিয়েছে ফাইনালে। গতকাল ফাইনালে ওঠা নিশ্চিত হলেও সেলিব্রেশনে মাতেননি শাহবাজ আহমেদরা। তা তুলে রেখেছেন ফাইনালের দিনের জন্য।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের নিরিখে অনেকটাই পিছিয়ে সানরাইজার্স। দুই দলের মধ্যে ২৭টি ম্যাচ হয়েছে। তার মধ্যে কেকেআরের জয় ১৮টিতে, সানরাইজার্সের ৯টিতে। চলতি আইপিএলে দু-বারই কেকেআর হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।
শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখেও ৪-১ ব্যবধানে এগিয়ে কেকেআর। গত বছর প্রথম সাক্ষাতে জিতেছিল সানরাইজার্স। তারপর তিনটি ম্যাচেই জিতেছে কলকাতা। এবারের আইপিএলে ইডেনে সানরাইজার্সকে ৪ রানে হারায় কেকেআর। প্রথম কোয়ালিফায়ারে নাইটরা জেতে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে।
ফলে পরিসংখ্যান বা ধারাবাহিকতার নিরিখে কেকেআর এগিয়ে থাকলেও সানরাইজার্সকে এগিয়ে রাখছে অন্য একটি ফ্যাক্টর। তা হলো হায়দরাবাদ যে দু-বার আইপিএল জিতেছে তাতে অধিনায়ক ছিলেন অস্ট্রেলীয়। ২০০৯ সালে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে আইপিএল খেতাব জেতে ডেকান চার্জার্স।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়, সেই দলের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালে আইপিএল ফাইনালে উঠেও হেরে গিয়েছিল সানরাইজার্স, সেবার অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। এবার অধিনায়ক ফের এক অস্ট্রেলীয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছে কামিন্সের অধিনায়কত্বে। এবার সেই কামিন্সেরই অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জয়ের সুবর্ণ সুযোগ।












Click it and Unblock the Notifications