IPL 2024, DC vs SRH Updates: নটরাজনের চার উইকেট! সানরাইজার্স হায়দরাবাদ হেলায় হারাল দিল্লি ক্যাপিটালসকে
IPL 2024: আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ নামছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার এই প্রথম হোম ম্যাচ দিল্লিতে খেলছে ক্যাপিটালস।
দুর্ঘটনার পর ক্রিকেট মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। আজ তিনি নামবেন ঘরের মাঠের চেনা পরিবেশে। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

দিল্লিতে দিল্লি ক্যাপিটালসকে ৬৭ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালস শিবিরে সাময়িক আশার সঞ্চার ঘটান জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কিন্তু তিনি ফিরতেই ক্রমে ম্যাচ থেকে হারিয়ে যায় ঋষভ পন্থের দল। ম্যাকগ্রুক পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৬৫ রান করেছেন। তিনি আউট হলে দিল্লির স্কোর ছিল ৭ ওভারে ৩ উইকেটে ১০৯।
পৃথ্বী শ ৫ বলে ১৬ রান করেন। ডেভিড ওয়ার্নার চোট সারিয়ে দলে ফিরলেও রান পেলেন না। ৩ বলে মাত্র ১ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হলেন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ২২ বলে ৪২ রান করেন অভিষেক পোড়েল। ট্রিস্টান স্টাবস করেন ১১ বলে ১০, ললিত যাদব ৮ বল খেলে ৭ রান করে আউট হন।
অক্ষর প্যাটেল করেন ৬। আনরিখ নরকিয়া ও কুলদীপ যাদব খাতাই খুলতে পারেননি। ১৯.১ ওভারে ১৯৯ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ ৩৫ বলে ৪৪ রান করে নীতীশ কুমার রেড্ডির শিকার হতেই দিল্লির ইনিংসে যবনিকা পতন ঘটে। সানরাইজার্স জিতল ৬৭ রানে।
একটি মেডেন-সহ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নেন টি নটরাজন। ময়াঙ্ক মার্কণ্ডে ২ ওভারে ২৬ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন। ২.১ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট রেড্ডির। ওয়াশিংটন সুন্দর ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট পেয়েছেন।
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স, তাদের নেট রান রেট ০.৯১৪। কেকেআর ৬ ম্যাচে ৮ পয়েন্ট ও ১.৩৯৯ নেট রান নিয়ে তিনে চলে এলো। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে দিল্লি ক্যাপিটালস, নেট রান রেট মাইনাস (-) ০.৪৭৭।
দিল্লির টার্গেট ২৬৭
চলতি আইপিএলে আরও একবার আড়াইশো পার সানরাইজার্স হায়দরাবাদের। টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তুলল ২৬৬ রান। ১১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৮৯ রান ট্রাভিস হেডের। ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। ১২ বলে ৪৬ অপর ওপেনার অভিষেক শর্মার। এইডেন মার্করাম ১, হেইনরিখ ক্লাসেন ১৫, নীতীশ কুমার রেড্ডি ৩৭, আবদুল সামাদ ১৩, প্যাট কামিন্স ১ রান করেন। ৪ ওভারে ৫৫ রান খরচ করে চার উইকেট নেন কুলদীপ যাদব। মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট পেয়েছেন।
পারস্পরিক দ্বৈরথে
আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের দ্বৈরথ হয়েছে ২৩টি। তার মধ্যে ১২টিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের জয় ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে আবার দিল্লি এগিয়ে ৪-১ ব্যবধানে।
গত বছরের আইপিএলে হায়দরাবাদে প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস ৭ রানে জয়লাভ করেছিল। ফিরতি সাক্ষাতে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদ জয় ছিনিয়ে নেয় ৯ রানে। অরুণ জেটলি স্টেডিয়ামে পারস্পরিক ৬টি দ্বৈরথে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে পাঁচটিতে, দিল্লির জয় ১টিতে।












Click it and Unblock the Notifications