DC In IPL 2024: দিল্লি ক্যাপিটালস ঘোষণা করে দিল অধিনায়কের নাম, ঋষভ পন্থই কি ফের সিংহাসনে?
DC In IPL 2024: আইপিএলে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন আগেই। আইপিএল সংক্রান্ত শ্যুটিংয়েও তিনিই দিল্লি ক্যাপিটালসের মুখ। বিশাখাপত্তনমে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলনও করছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং থেকে পার্থ জিন্দালদের দাবি সত্য প্রমাণ করে ঋষভ পন্থই ফের পেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের ব্যাটন। যার সরকারি ঘোষণা আজই করল দিল্লি ক্যাপিটালস।

আইসিসি বিশ্বকাপ চলাকালীনই সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিল্লি ক্যাপিটালসের শিবির আয়োজন করা হয়েছিল। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, হেড কোচ রিকি পন্টিং, সহকারী কোচ প্রবীণ আমরেদের সঙ্গে সেই শিবিরে এসেছিলেন ঋষভ পন্থ। তখন তাঁর রিহ্যাব চলছে।
সেই সময়ই ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, পন্থ আইপিএলে খেলবেন। যদিও তার আগে কতটা ঘরোয়া ক্রিকেটে তিনি খেলতে পারবেন তা নিয়েও সংশয়ী ছিলেন মহারাজ। পন্থ ঘরোয়া ক্রিকেটে না খেললেও মহারাজের কথা অক্ষরে অক্ষরে প্রমাণ করে কামব্যাক করছেন।
সেই সময় পন্থের ফিটনেসের অবস্থা দেখে অনেকেই সন্দিহান ছিলেন। যদিও পন্থ নিরলস পরিশ্রম চালিয়ে গিয়েছেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর যেভাবে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তাতে প্রাণ সংশয় হতে পারতো। সেখান থেকে এত দ্রুত তিনি মাঠে ফিরতে পারবেন, অনেকেই ভাবেননি।
আইপিএলে পন্থের উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র ন্যাশনাল ক্রিকেট আকাদেমি দিতেই স্বস্তি এসেছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। এমন ভাবনাও ছিল পন্থকে শুধু ব্যাটার হিসেবে খেলানোর। কিন্তু এখন আর সেই বাধা নেই। ফলে তাঁর অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন তা নিয়েও আর ভাবনার প্রয়োজন আপাতত নেই।
COMEBACK DONE 👉🏼 NOW WELCOME BACK, CAPTAIN RISHABH PANT 💙❤️#YehHaiNayiDilli #IPL2024 pic.twitter.com/wN7xDgLW31
— Delhi Capitals (@DelhiCapitals) March 19, 2024
গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্নার। আইপিএল শুরু হলে তবে স্পষ্ট হবে আদৌ তিনি সব ম্যাচে খেলতে পারবেন কিনা। কেন না, তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের কথা ভেবে খুব বেশি ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নন সৌরভরা। তবে পন্থ এগিয়ে চলেছেন মনের জোর সম্বল করেই।
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের কথায়, পন্থ ফেরায় আমরা সকলেই খুশি। চারিত্রিক দৃঢ়তা ও নির্ভীক স্বভাব যে তাঁর খেলার ব্র্যান্ডের সঙ্গেই যায় তা নয়, তাঁর সেরে ওঠার প্রক্রিয়াতেও এই গুণগুলি পরিলক্ষিত হয়েছে।
নতুন উদ্যম, প্রাণশক্তি ও উদ্দীপনা নিয়ে পন্থ যে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেবেন সে ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজি কর্তা থেকে ক্রিকেটপ্রেমী- সকলেই।
২৩ মার্চ পাঞ্জাব কিংস ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। দলের সঙ্গে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার, কুলদীপ যাদবরা। ট্রিস্টান স্টাবস, কুমার কুশাগ্র, ঝাই রিচার্ডসন, দেক ফ্রেজার-ম্যাকগ্রুকদের দলে নিয়েছে ক্যাপিটালস। বাংলার মুকেশ কুমার ও অভিষেক পোড়েলও রয়েছেন এই দলে।












Click it and Unblock the Notifications