IPL 2024: রাজস্থান রয়্যালসের নজরে শীর্ষস্থান পুনর্দখল, ঘরের মাঠে টিকে থাকাই চ্যালেঞ্জ দিল্লি ক্যাপিটালসের
IPL 2024: আইপিএলে লম্বা ছুটি কাটিয়ে কাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে এই লড়াই ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লির কাছে টুর্নামেন্টে টিকে থাকার।
প্লে-অফে উঠতে হলে দিল্লি ক্যাপিটালসকে তিনটি ম্যাচেই জিততে হবে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস চাইবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনর্দখল করতে।

আইপিএলে পারস্পরিক ২৮টি দ্বৈরথে রাজস্থান রয়্যালসের জয় ১৫টিতে, ১৩টিতে দিল্লির কাছে হেরেছে রাজস্থান। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ক্যাপিটালসকে ১২ রানে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। দুই দলের শেষ পাঁচটি ডুয়েলের নিরিখে রাজস্থান ৩-২ ব্যবধানে এগিয়ে দিল্লির চেয়ে।
চলতি আইপিএলে যে তিনটি ম্যাচ এই স্টেডিয়ামে হয়েছে তাতে এখানকার উইকেট ব্যাটারদের স্বর্গ, বোলারদের বধ্যভূমি। প্রথম ইনিংসে গড় স্কোর ২৪৯, রান রেট ১১.৩৮, যা এবারের আইপিএলে সব স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে বেশি। কালও পরিস্থিতি বদলাবে না।
ডিউ ফ্যাক্টর হবে না। দুই ইনিংসে ব্যাট করার কন্ডিশনে বিশেষ ফারাকও থাকবে না বলে মনে করা হচ্ছে। দিল্লিতে বেশ ভালোই গরম রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। রাজস্থান রয়্যালসের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। দলে চোট আঘাতের সমস্য়াও নেই।
দিল্লি ক্যাপিটালস শিবিরে স্বস্তির খবর ইশান্ত শর্মা ফিট। তবে ডেভিড ওয়ার্নার চোট সারিয়ে খেলতে পারবেন কিনা, সেই সিদ্ধান্ত ম্য়াচের দিন সকালেই নেওয়া হবে বলে জানা যাচ্ছে। পৃথ্বী শ-র পরিবর্তে কুমার কুশাগ্র ফের সুযোগ পান কিনা তা নিয়েও চর্চা রয়েছে।
দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছেন, রাজস্থান ভালো দল। তবে ৪০ ওভার আমরা নিজেদের সেরাটা দিতে পারলে আমাদের হারানো কঠিন হবে। দিল্লি ক্যাপিটালসের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে। উল্লেখ্য, অরুণ জেটলি স্টেডিয়ামে তিনটি ম্যাচেই প্রথমে ব্যাট করা দল জিতেছে, ২২০-র বেশি রান তুলে।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা। বোলিংয়ের সময়- যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, শেই হোপ, ট্রিস্টান স্টাবস, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুমার কুশাগ্র, কুলদীপ যাদব, খলিল আহমেদ, লিজাড উইলিয়ামস, মুকেশ কুমার। বোলিংয়ের সময়- রসিখ সালাম।












Click it and Unblock the Notifications