IPL 2024,DC vs CSK: ছন্দে ফিরে সৌরভের সার্টিফিকেটের সঙ্গে শাস্তিও জুটল ঋষভের, ম্যাচ জিতে কী বললেন পন্থ?
রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শুধু মূল্যবান ২ পয়েন্ট নয় একইসঙ্গে ঋষভ পন্থের ছন্দে ফেরাও এই ম্যাচ থেকে আরও বড় প্রাপ্তি দিল্লির। প্রত্যাবর্তনের পর তৃতীয় ম্যাচেই ব্যাট এবং গ্লাভস হাতে ফের পুরানো ছন্দে দেখা গেল পন্থকে। তবে ম্যাচ জয়ের মধ্যেই কাঁটা হয়ে থাকল অধিনায়কের শাস্তিও।
সিএসকে ম্যাচের পরেই শাস্তির কোপে পড়তে হল পন্থকে। স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। চলতি আইপিএলে এটাই তাঁর প্রথম নিয়মভঙ্গ! তাই আর্থিক জরিমানা দিয়েই রেহাই পাবেন দিল্লি অধিনায়ক। শুধু পন্থ প্রথম নন, এর আগে এই শাস্তির শিকার হয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। পন্থ নিজে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। প্রত্যাবর্তনের পর থেকে গত দুই ম্যাচে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না পন্থকে। কিন্তু সিএসকের বিরুদ্ধে ম্যাচে সব সমালোচনার জবাব দিলেন। মুস্তাফিজুর রহমানের বল এক হাতে শট মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। পন্থের এক হাতে ছক্কা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। ছক্কা মারা নিয়ে খুশি পন্থ নিজেও।
ম্যাচের শেষে বললেন, "দেড় বছর আমিও অপেক্ষা করেছি, কবে আবার এক হাতে ছক্কা মারতে পারব।অনেক দিন খেলিনি বলে শুরুতে একটু সময় লাগছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। জানতাম আমি ম্যাচের রং বদলে দিতে পারি। দেড় বছর ধরে এই বিশ্বাসটা ধরে রেখেই নিজেকে তৈরি করেছি। এখনও অনেক কিছু শিখছি।'
Fifty after 465 days and it had to be in the City of Destiny 🥺#YehHaiNayiDilli #IPL2024 #DCvCSK pic.twitter.com/kag6cMaAta
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
প্রথম জয়ের পর ঋষভ পন্থ বলছেন, 'একজন ক্রিকেটার হিসেবে এখন আর প্রত্যাবর্তন নিয়ে ভাবি না। শুধু এটুকু বুঝি, যখনই মাঠে নামব, একশো শতাংশ দিতে হবে। এই ম্যাচে শুরুতে কিছুটা সময় নিয়েছি। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলাম। দেড় বছর কম সময় নয়।'
ঋষভের এমন পারফরম্যান্সে খুশি গোপন রাখেননি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মহারাজ সমাজ মাধ্যমে লিখেছেন, 'দারুণ খেলেছ ঋষভ পন্থ, এই ইনিংসটা সারাজীবন মনে রাখবে। তুমি অনেক দুর্দান্ত খেলেছেন এবং আরও ভালো খেলবে কিন্তু এই ইনিংসটা সবসময় তোমার কাছে খুব আপন হয়ে থাকবে।'












Click it and Unblock the Notifications