IPL 2024: ধোনিদের দুর্গে কামিন্সদের হানা, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বদলার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস
IPL 2024: আইপিএলে ফের দক্ষিণী ডার্বি। হায়দরাবাদে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হয়ে ফিরেছিল চেন্নাই সুপার কিংস। কাল নিজেদের দুর্গে বদলা নেওয়ার লক্ষ্যে হায়দরাবাদের মুখোমুখি চেন্নাই।
দিল্লি ক্যাপিটালস আজ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে সিএসকে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে দুই দলের দ্বৈরথ হয়েছে মোট ২০টি। তার মধ্যে ১৪টিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৬টি ম্যাচে। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে চেন্নাই সুপার কিংস এগিয়ে রয়েছে ৩-২-এ। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে চেন্নাইকে হারিয়েছিল হায়দরাবাদ।
চেন্নাইয়ের চিপকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে কখনও হারেনি চেন্নাই সুপার কিংস। সেই রেকর্ড অব্যাহত রাখা এবার অবশ্য সহজ হবে না। সেই সঙ্গে সানরাইজার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপের চিপকে স্পিন সহায়ক উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
দুই দলই জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে থাকবে। সানরাইজার্স হায়দরাবাদ আগের ম্যাচে নিজেদের মাঠে আরসিবির কাছে ৩৫ রানে পরাস্ত হয়েছে। চলতি আইপিএলে চিপকে টানা তিনটি ম্যাচ জেতার পর আগের ম্যাচেই প্রথম হোম ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। ২১০ তুলেও হেরেছে লখনউয়ের কাছে। কাল জিতলে দুই দলের কাছেই প্লে-অফের রাস্তা সুগম হবে।
যদিও চলতি মরশুমে চার ম্যাচে তিনবার দুশোর উপর রান উঠেছে। যার মধ্যে শেষ ম্যাচেই দু-বার। আগের ম্যাচের মতো উইকেট হলে অবশ্য ব্যাটারদের মুখে হাসি ফুটবে। চেন্নাইয়ে ভালো গরম রয়েছে। ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকলেও অস্বস্তিসূচক থাকতে বেশি। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮০ শতাংশ। বৃষ্টির পূর্বাভাস নেই। কালকের ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা। ইমপ্যাক্ট সাব-শার্দুল ঠাকুর।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, নীতীশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, ময়াঙ্ক মার্কণ্ডে। বোলিংয়ের সময়- টি নটরাজন।












Click it and Unblock the Notifications