IPL 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে CSK ও RCB-র ট্র্যাক রেকর্ড কেমন? পারস্পরিক দ্বৈরথে কারা এগিয়ে?
IPL 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ চেন্নাইয়ের চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার এই দুই দল উদ্বোধনী ম্যাচ খেলবে।
চিপকে ২০০৮ সালের পর থেকে সিএসকে হারেনি আরসিবির কাছে। আরসিবির বিরুদ্ধে ৮টি হোম ম্যাচে সাতটিতে জিতেছে ধোনির দল, একটিতে আরসিবি। আজ চেন্নাই সুপার কিংস খেলতে নামছে ঋতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বে।

CSK vs RCB দ্বৈরথে ২০টি ম্যাচে জিতেছে ধোনিবাহিনী। ১০টিতে আরসিবি। একটি ম্যাচে ফয়সালা হয়নি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলেছে ৮বার। জিতেছে চারটি, হেরেছে চারটিতে। আরসিবি আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলেছে চারবার। জয় ১টিতে, পরাজয় তিনটি ম্যাচে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি একবারই খেলেছে সিএসকের বিরুদ্ধে। ২০১৯ সালে সেই ম্যাচটিও হয়েছিল চেন্নাইয়ে। মহেন্দ্র সিং ধোনি টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবিকে। ১৭.১ ওভারে ৭০ রানে গুটিয়ে গিয়েছিল আরসিবি।
পার্থিব প্যাটেল করেছিলেন ২৯। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। হরভজন সিং ও ইমরান তাহির নেন তিনটি করে উইকেট। ২টি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা। ডোয়েইন ব্র্যাভো নেন ১টি উইকেট। জবাবে ১৭.৪ ওভারে তিন উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। ২০ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হরভজন সিং।
এদিকে, চেন্নাই সুপার কিংসকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, গত বছর থেকেই তাঁকে মহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিচ্ছিলেন তৈরি থাকতে, যাতে অধিনায়কত্ব প্রাপ্তি অপ্রত্যাশিত মনে না হয়। এবার শিবিরে যোগ দেওয়ার পর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলনে জোর দেওয়া হয়।
তাঁর লিডারশিপে ধোনি আস্থা দেখিয়েছেন, সেটিকে বড় প্রাপ্তি বলে মনে করছেন ঋতুরাজ। সম্প্রতি ফেসবুকে ধোনি নতুন ভূমিকার কথা উল্লেখ করেছিলেন। তাতেই অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত ধোনি দেন বলে উপলব্ধি ঋতুরাজের। তারপর অনেকেই তাঁর কাছে জানতে চাইছিলেন যে, তিনিই অধিনায়ক হচ্ছেন কিনা। কিন্তু গতকালের আগে সেটা বোঝেননি ঋতুরাজ।
চেন্নাই সুপার কিংস শিবিরে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি, সেই সঙ্গে অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজারা থাকায় নতুন দায়িত্ব নিয়ে ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী নয়া অধিনায়ক। গতকাল অনুশীলনে প্রতিপক্ষ অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গেও কথা বলেছেন ঋতুরাজ।
২০২১ সাল অবধি ঋতুরাজ ও দু প্লেসি চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতেন। সর্বাধিক রান সংগ্রহকারীর দৌড়েও ছিলেন দুজনেই। শেষে ঋতু টেক্কা দেন ফাফকে। সেবার ১৬ ম্য়াচে ঋতু করেন ৬৩৫, ফাফ ৬৩৩। ঋতু গতকাল ফাফকে বলেন, কয়েক বছর আগেও কেউ এমন পরিস্থিতি ভাবেননি যেখানে ফাফ আরসিবিকে এবং তিনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন। ফলে দুজনে যখন টস করতে নামবেন তখন এক স্মরণীয় মুহূর্ত তৈরি হবে।












Click it and Unblock the Notifications