IPL 2024: চেন্নাইয়ের দুর্গে আঘাত হেনে প্রথম চার লক্ষ্য লখনউয়ের, ধোনিদের কাছে মধুর প্রতিশোধের দ্বৈরথ
IPL 2024: চেন্নাই সুপার কিংসের সামনে ফের লখনউ সুপার জায়ান্টস। গত ১৯ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকের বিরুদ্ধে।
চেন্নাই সুপার কিংসের দুর্গে কাল গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট তালিকায় টপকে যাওয়াই লক্ষ্য লোকেশ রাহুলের দলের। ধোনিদের কাছে এই দ্বৈরথ মধুর প্রতিশোধের।

আইপিএলে পারস্পরিক দ্বৈরথে লখনউ এগিয়ে ২-১ ব্যবধানে। ২০২২ সালে প্রথম সাক্ষাতে জিতেছিল লখনউ সুপার জায়ান্টস। গত বছর চেন্নাইয়ে ধোনিরা ১২ রানে হারান লখনউকে। লখনউয়ে ফিরতি সাক্ষাত বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। এবার ৬ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছে লখনউ।
পয়েন্ট তালিকায় ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে চেন্নাই সুপার কিংস। সমসংখ্যক ম্যাচে লখনউয়েরও পয়েন্ট একই। লখনউ রয়েছে পাঁচে। চেন্নাই সুপার কিংসের নেট রান রেট ০.৫২৯, লখনউয়ের ০.১২৩। কাল দুই দলের সামনেই ১০ পয়েন্টে পৌঁছে যাওয়ার হাতছানি।
চলতি আইপিএলে এখনও নিজেদের হোম ম্যাচের একটিতেও হারেনি সিএসকে। চারটি অ্যাওয়ে ম্যাচে জিতেছে মাত্র একটিতে। কালকের ম্যাচ থেকে পরপর তিনটি ম্যাচ চিপকে খেলবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচগুলিতে জিতলে প্লে-অফের দিকে এক পা বাড়াতে পারবেন ঋতুরাজ গায়কোয়াড়রা।
চিপকে স্লো, স্পিন সহায়ক উইকেট হয়ে থাকে। কালও তার ব্যতিক্রম না হওয়ারই সম্ভাবনা। এই ধরনের উইকেটে আবার খেলতে অভ্যস্ত লখনউ। তাছাড়া সদ্য চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চেন্নাই পৌঁছেছেন রাহুলরা। পরপর দুই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারালে দলের আত্মবিশ্বাসও বাড়বে অনেকটাই।
চেন্নাইয়ে যে তিনটি ম্যাচ হয়েছে তাতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ তুলে হেরেছিল আরসিবি, পরের ম্যাচে ৬ উইকেটে ২০৬ তুলে জেতে সিএসকে। সর্বশেষ ম্য়াচে কেকেআর প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৭ তুলে হেরে যায়। কাল দুই দলই দুশোর উপর রান তুলতে চাইবে। চেন্নাইয়ে ভালো গরম রয়েছে। খেলার সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জও সামলাতে হবে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান। বোলিংয়ের সময়- মাথিশা পাথিরানা।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, দীপক হুডা, আয়ুশ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসীন খান। বোলিংয়ের সময়- যশ ঠাকুর।












Click it and Unblock the Notifications