IPL 2024: চেন্নাই সুপার কিংস শিবিরে ফের ধাক্কা, আইপিএল থেকে ছিটকে যাওয়ার মুখে তারকা পেসার
IPL 2024: চেন্নাই সুপার কিংসের প্লে-অফে ওঠা এখনও নিশ্চিত নয়। তারই মধ্যে ফের ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়নরা। পেস আক্রমণই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল ঋতুরাজ গায়কোয়াড়ের দলের।
শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ডেথ ওভার স্পেশ্যালিস্ট বলা হয়। তিনিই চোট সারাতে দেশে ফিরেছেন।

দীপক চাহারও চোট পেয়ে মাঠের বাইরে। তাঁর উপর পাওয়ারপ্লে-তে নির্ভর করে সিএসকে। চাহার এবারের আইপিএলে আর খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় সংশয়। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও বিসিবির ডাক পেয়ে দেশে ফিরে গিয়েছেন।
মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সমস্যা মেটাতে দেশে ফিরেছিলেন। মনে করা হচ্ছিল, এই দুজন আজ পাঞ্জাব কিংস ম্যাচের আগে চলে আসবেন। কিন্তু আজ চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ তো বটেই, ইমপ্যাক্ট সাবের তালিকাতেও তাঁদের নাম নেই।
এরপরই জানা যায়, পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে দেশে ফিরেছেন। অন্যদিকে, চাহারও দলের সঙ্গে ধরমশালায় যাননি। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় তিনি চেন্নাইয়েই রয়েছেন। পাথিরানা এবারের আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি সিএসকে।
মুস্তাফিজুরের জায়গায় আজ মিচেল স্যান্টনারকে দলে নিয়েছে সিএসকে। জোরে বোলারদের মধ্যে য়েছেন শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে ও রিচার্ড গ্লিসন। তুষার আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধেই খেলতে পারেননি ফ্লুতে আক্রান্ত হয়ে। সিএসকের ইমপ্যাক্ট সাবের তালিকায় আছেন সমীর রিজভি, মুকেশ চৌধুরী, সিমরজিৎ সিং, শাইক রশিদ ও প্রশান্ত সোলাঙ্কি।
উল্লেখ্য, ডানহাতি পেসার পাথিরানা ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। ইকনমি ৭.৪৮। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২৮ রানে নিয়েছেন চার উইকেট। এখনও অবধি তিনি চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ১৪ উইকেট।












Click it and Unblock the Notifications