IPL 2024: কনওয়ে ছিটকে যেতেই ইংরেজ বোলারকে নিল চেন্নাই সুপার কিংস, নেপথ্যে বড় স্ট্র্যাটেজি
IPL 2024: চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়েকে আইপিএলে পাবে না গতবারের চ্যাম্পিয়নরা। তবে তাঁর পরিবর্ত হিসেবে ইংরেজ পেসারকে নিল সিএসকে।
এই সিদ্ধান্তের পিছনেও রয়েছে বড় স্ট্র্যাটেজি। কেন না, ব্যাটিং বিভাগে কনওয়ের অনুপস্থিতিতে সমস্যা না হলেও মে মাস থেকেই আরেকটা বড় সমস্যায় পড়তে চলেছে সিএসকে।

চোট না সারায় ফিটনেসজনিত কারণেই কনওয়েকে এবারের আইপিএলে পাওয়া যাবে না বলে জানিয়েছে চেন্নাই সুপার কিংস। মনে করা হচ্ছিল, প্রথমদিকে কনওয়ে কয়েকটি ম্যাচে খেলতে না পারলেও হয়তো পরের দিকে আসতে পারবেন। কিন্তু সেই সম্ভাবনা আর নেই।
কনওয়ে না থাকায় ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করতে দেখা যাবে কননওয়ের দেশেরই রাচিন রবীন্দ্র। তবে এই কিউয়ি ওপেনার আহামরি পারফরম্যান্স উপহার দিতে পারেননি। তাঁর রান যথাক্রমে ৩৭, ৪৬, ২, ১২, ১৫ ও ২১। তবে সিএসকের ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী।
সেই কারণে কনওয়ে ছিটকে যেতেই বোলিং শক্তি বাড়িয়ে নিল ঋতুরাজ গায়কোয়াড়ের দল। নেওয়া হলো রিচার্ড গ্লিসনকে। ইংল্যান্ডের হয়ে ২০২২ সালে শেষবার টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ৬ ম্যাচে ৯ উইকেট রয়েছে। সেরা বোলিং ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচে, ১৫ রানে তিন উইকেট।
অভিষেক ম্যাচে তিনি রোহিত শর্মা, ঋষভ পন্থ ও বিরাট কোহলির উইকেট নেন। এ ছাড়া পরের ম্যাচে ফেরান রবীন্দ্র জাদেজাকে। কেরিয়ারে দুবার টি২০ আন্তর্জাতিকে তিনটি করে উইকেট নেন। ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে তাঁর মোট চার উইকেট রয়েছে।
গ্লিসন ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন, তাঁর ১০১টি উইকেট রয়েছে। এবারের আইপিএলে তাঁর খেলার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। কেন না, মুস্তাফিজুর রহমান ১ মে-র ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরবেন। সেক্ষেত্রে আইপিএলের বাকি অংশের জন্য ঋতুরাজের ভরসা হতে পারেন গ্লিসন। বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় তাঁকে নিল সিএসকে।
এদিকে, টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের জিম্বাবোয়ে সিরিজ রয়েছে। সেজন্য মুস্তাফিজকে ডেকে পাঠানো হয়েছে। বাংলাদেশের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আইপিএল থেকে মুস্তাফিজুরের কিছু শেখার নেই। উল্টে তাঁর কাছেই অনেক কিছু শেখার আছে আইপিএলের অনেক ক্রিকেটারের।
ইউনুসের দাবি, আইপিএলে প্রচুর ধকল। শুধু ৪ ওভার বল করলেই হয় না। ম্যাচের পর রাতে বিমানবন্দরে গিয়ে ঘুমিয়ে বিমান ধরতে হয়। বিশ্বকাপের আগে মুস্তাফিজুরের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে তিনি ১ তারিখের ম্যাচ খেলার পর ২ তারিখ বাংলাদেশে ফিরবেন। বিশ্বকাপের আগে তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হবে।
এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস বোলিং বিভাগে ধাক্কা খেতে চলেছে। বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজুরের বোলিং সমৃদ্ধ করছে চেন্নাই সুপার কিংসকে। আরসিবি ম্যাচে মুস্তাফিজুর ২৯ রানে চার উইকেট নেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২টি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১টি, কেকেআরের বিরুদ্ধে ২টি ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ১টি উইকেট নেন বাংলাদেশের এই পেসার।












Click it and Unblock the Notifications