IPL 2024 Final: সাইক্লোন রেমালের জেরে কি বৃষ্টি হবে চেন্নাইয়ে? প্রাকৃতিক দুর্যোগ ব্যাঘাত ঘটাবে আইপিএল ফাইনালে?
IPL 2024 Final: সপ্তদশ আইপিএলের মেগা ফাইনাল কাল চেন্নাইয়ের চিপকে। কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
আইপিএল ফাইনালে গত বছর ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। খেলা গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। কালকেও কি তেমন পরিস্থিতির আশঙ্কা থাকছে? চিন্তা বাড়াচ্ছে সাইক্লোন রেমাল।

আবহবিদরা জানাচ্ছেন, রবিবার মধ্যরাতেই ল্যান্ডফল হবে রেমালের। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে থেকেই চলতে থাকবে ঝড়-বৃষ্টি। সে কারণেই অনেকে চিন্তিত আইপিএল ফাইনালে এর প্রভাব পড়া নিয়ে।
আবহাওয়া দফতর জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে ধেয়ে আসবে ভূপৃষ্ঠের দিকে। শেষ মুহূর্তে এই সাইক্লোন গতিপথ পরিবর্তন না করলে চেন্নাই-সহ তামিলনাড়ুর কোনও অংশেই রেমালের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
সানরাইজার্স হায়দরাবাদ গতকাল রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ভেবেছিলেন, যেহেতু পরের দিকে শিশির পড়বে, ফলে রান তাড়া করা সুবিধাজনক হবে। সে কারণে টস জিতে ফিল্ডিং নেন। যদিও এতটুকু শিশির পড়েনি।
যদিও চেন্নাইয়ে বেশ ভালোরকম গরম রয়েছে। ক্রিকেটারদের গলদঘর্ম পরিস্থিতিতে পড়তে হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায়। কালকের ম্যাচেও আবহাওয়ার এই পরিস্থিতিতে বদল আসার সম্ভাবনা নেই।
ফাইনালের আগের দিন, অর্থাৎ আজ সানরাইজার্স হায়দরাবাদ অনুশীলন রাখেনি। কলকাতা নাইট রাইডার্স অবশ্য সন্ধ্যাতেই নেমে পড়ছে ফাইনাল ফ্রন্টিয়ারের মহড়ায়। একটি আবহাওয়া সংক্রান্ত অ্যাপের তথ্য অনুয়ায়ী, আজ আকাশে বিক্ষিপ্তভাবে মেঘের আনাগোনা থাকবে। বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ।
কাল বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম। মাত্র ৪ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মাত্র ১ শতাংশ। যদিও আকাশ মেঘে ঢাকা থাকবে বলে পূর্বাভাস রয়েছে। ফলে একটা বিষয় স্পষ্ট, রেমাল ধেয়ে এলেও আইপিএল ফাইনাল হবে নির্বিঘ্নেই, ফাইনাল গড়াবে না রিজার্ভ ডে-তে।












Click it and Unblock the Notifications