IPL 2024: ক্যামেরন গ্রিন আইপিএলের ইতিহাসে গড়লেন সর্বকালীন রেকর্ড! কেন তাঁকে নিল আরসিবি?
IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স থেকে ১৭.৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে ট্রেডিং উইন্ডোর মাধ্যমে ক্রিকেটারের দলবদলে এই অর্থের পরিমাণ সর্বকালীন রেকর্ড।
এরপরই ১৫ কোটি টাকার বিনিময়ে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে কেনার পথ মসৃণ হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের। ট্রেডের মাধ্যমে ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে এই দুটি উদাহরণই থাকল আইপিএলের ইতিহাসে প্রথম দুইয়ে।

গ্রিন ও হার্দিকের ঘটনার আগে এতদিন অবধি ট্রেডিংয়ের মাধ্যমে সর্বাধিক দরে যে ক্রিকেটারকে নেওয়ার রেকর্ড ছিল তিনি হলেন শার্দুল ঠাকুর। তাঁকে চলতি বছর আইপিএলের আগে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও এক মরশুমেই মোহভঙ্গ হওয়ায় শার্দুলকে ছেড়ে দিয়েছে কেকেআর।
প্রশ্ন উঠছে, রিটেনশন লিস্ট প্রকাশ করার পরে কেন ক্যামেরন গ্রিনকে নিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? আরসিবির বোল্ড ডায়েরিজ অনুষ্ঠানে তার কারণ জানিয়েছেন নবনিযুক্ত ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট। দলের মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্যই মূলত গ্রিনের জন্য ঝাঁপায় আরসিবি।
বোবাট জানিয়েছেন, গতকাল সকালেই ঠিক হয়ে গিয়েছিল কাদের রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে। সকলকে তা জানিয়েও দেওয়া হয়। নিলামে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হবে তাও ছকে ফেলা হয়েছিল। তারই অন্যতম দিক ছিল, টপ অর্ডার ব্যর্থ করলে মিডল অর্ডার যাতে হাল ধরতে পারে সেজন্য ব্য়াটিং লাইন আপের এই দিকটি শক্তিশালী করা।
এরই মধ্যে আরসিবির কাছে খবর আসে যে, ক্যামেরন গ্রিনকে বিক্রি করে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। তখনই নড়েচড়ে বসেন আরসিবি কর্তারা। যোগাযোগ করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্সও তখন হার্দিককে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ঝুলিতে পোরার চেষ্টা চালাচ্ছে। মুম্বইয়ের কর্তাদের সঙ্গে কথা বলেই নিজেদের মধ্যে আলোচনায় বসেন আরসিবি কর্তারা।
যদি গ্রিনকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাহলে নিলাম থেকে অন্য কোনও দল তাঁকে নিয়ে নিতেই পারে। তাছাড়া ট্রেডিংয়ের মাধ্যমেও সেই পথে হাঁটতে পারে যে কোনও দল। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সিরিয়াস আলোচনা চলতে থাকে। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ইমপ্যাক্ট প্লেয়ার থাকলেও অলরাউন্ডারদের গুরুত্ব অপরিসীম।
প্রথম একাদশে বিদেশি রাখার বিষয়ের উপর নির্ভর করে দলের ভারসাম্যও। ফলে ক্রিকেটারদের তালিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। যদি অলরাউন্ডার না নেওয়া হয়, তাহলে কাকে কখন কোন পজিশনে খেলানো যেতে পারে তা নিয়ে আলোচনা সারতে থাকে আরসিবি থিঙ্কট্যাঙ্ক। তারপরই চূড়ান্ত করা হয় গ্রিনকে নেওয়ার বিষয়টি।
বোবাটের দাবি, ক্যামেরন গ্রিন পাওয়ার হিটিংয়ে দক্ষ। বিভিন্ন দেশে নানা ফরম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পিন ও পেস- দুরকম বোলিংই সামলাতে পারেন। সেই সঙ্গে তিনি নিজেও ভালো বোলার। পেস ও বাউন্স অস্বস্তিতে রাখতে পারে ব্যাটারদের। ফলে ব্যাটে-বলে কার্যকরী হতে পারেন আরসিবির হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামেও। অবশ্যই মনে রাখতে হবে গ্রিনের ফিল্ডিংয়ের দক্ষতা। এইসব ফ্যাক্টর চিহ্নিত করেই মুম্বই থেকে গ্রিনকে কিনল আরসিবি।
উল্লেখ্য, গ্রিন চলতি বছর আইপিএলে ১৬ ম্যাচে ৭ বার অপরাজিত থেকে ৪৫২ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। গড় ৫০.২২, স্ট্রাইক রেট ১৬০.২৮। ১টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। টি ২০-তে তাঁর ১টি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। উইকেট ১১টি। অজিদের হয়ে টি ২০ আন্তর্জাতিকে ২টি অর্ধশতরান করেছেন, উইকেট নেন ৫টি।












Click it and Unblock the Notifications