IPL 2024: বাটলার ও বিরাটের শতরানে একাধিক রেকর্ড ছারখার, আইপিএলে এক ম্যাচে একাধিক সেঞ্চুরি কতবার?
IPL 2024: বিরাট কোহলির পর জস বাটলার শতরান হাঁকালেন। যার জেরে গতকাল জয়পুরে পাঁচ বল বাকি থাকতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে চারে চার করে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস।
আরসিবি হারের হ্যাটট্রিকের জেরে বেশ বেকায়দায়। যদিও এই ম্যাচে ভেঙে গেল একাধিক রেকর্ড।

বিরাট কোহলি অপরাজিত ছিলেন ১১৩ রানে। জস বাটলার ২০তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করে দলকে জিতিয়ে অপরাজিত থাকলেন ১০০ রানেই। এর আগে চারবার আইপিএলে একই ম্যাচে একাধিক শতরান হয়েছে। গতকাল সেই সংখ্যা বেড়ে হলো৫।
২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে আরসিবির হয়ে শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। বিরাট সেই ম্যাচে ৫৫ বলে ১০৯ রান করেছিবেন। ৫২ বলে ১২৯ করে অপরাজিত ছিলেন এবিডি।
২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জনি বেয়ারস্টো ৫৬ বলে ১১৪ রান করেছিলেন। ওই ম্যাচেই অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৫ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন। গত বছর হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু ম্যাচেই বিরাট কোহলি ৬৩ বলে ১০০ করেন, সানরাইজার্সের হেইনরিখ ক্লাসেন করেন ৫১ বলে ১০৪।
গত বছরের আইপিএলেই আরসিবি বনাম গুজরাত টাইটান্স ম্যাচে বিরাট কোহলি ৬১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন। শুবমান গিল ওই ম্যাচেই করেন ৫২ বলে অপরাজিত ১০৪। সেই ম্যাচে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছিল গুজরাত। গতকাল যে ব্যবধানে জিতেছে রাজস্থান রয়্যালস।
লোকেশ রাহুলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম আইপিএল ম্যাচে শতরান হাঁকিয়ে নজির গড়েছেন জস বাটলার। বিরাট কোহলির আইপিএল শতরানের সংখ্যা ৮, জস বাটলার ও ক্রিস গেইলের রয়েছে ৬টি করে শতরান। বাটলার এই নিয়ে ১১ বার রাজস্থান রয়্যালসের হয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়ে টপকালেন অজিঙ্ক রাহানেকে (১০)।
রাজস্থান রয়্যালসের হয়ে ৯ বার করে ইউসুফ পাঠান ও শেন ওয়াটসন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। ৮ বার জিতেছেন সঞ্জু স্যামসন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি রান সঞ্জুর, ১২৮ ম্যাচে ৩৩৮৯। বাটলার চলে এলেন দ্বিতীয় স্থানে, ৭৬ ম্যাচে রাজস্থানের হয়ে তাঁর রান ২৮৩১।
বিরাট কোহলি গতকাল আইপিএলে যুগ্ম মন্থরতম তথা দেশের মাটিতে মন্থরতম শতরান হাঁকিয়েছেন। প্রথম ব্যাটার হিসেবে পেরিয়েছেন ৭৫০০ রানের মাইলফলক। রাজস্থান রয়্যালস ম্যাচে তিনি ফিল্ডার হিসেবে একটি রেকর্ড গড়লেন।
আইপিএলে সুরেশ রায়নার ক্যাচ ধরার সংখ্যা ছিল ১০৯। গতকাল রিয়ান পরাগের ক্যাচ ধরেন বিরাট, যশ দয়ালের বলে। এটি আইপিএলে বিরাটের ১১০তম ক্যাচ। আইপিএলে আর কোনও ফিল্ডার (উইকেটকিপার বাদে) এত সংখ্যক ক্যাচ ধরেননি।












Click it and Unblock the Notifications