Lara On Kohli: টি২০ বিশ্বকাপে বিরাটকে কোন ভূমিকায় চান লারা? যশস্বীকে পরামর্শ, দুই পছন্দের কিপার কারা?
Lara On Kohli: আইপিএল চলার মধ্যেই চর্চা চলছে টি২০ বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভারতীয় দল নিয়ে। বিরাট কোহলি আইপিএলে শতরান হাঁকানোয় ইঙ্গিত তিনি বিশ্বকাপে খেলবেন।
যদিও বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে যুগ্ম মন্থরতম এবং দেশের মাটিতে আইপিএলে মন্থরতম আইপিএল সেঞ্চুরি করায় স্ট্রাইক রেট নিয়ে আলোচনা চলছে। যদিও তা অবান্তর বলেই মনে করেন ব্রায়ান লারা।

টি২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা মনে করেন, বিরাট কোহলিকে টি২০ বিশ্বকাপের দলে রাখার ক্ষেত্রে স্ট্রাইক রেট নিয়ে ভাবার প্রয়োজন নেই। লারার কথায়, স্ট্রাইক রেট নির্ভর করে ব্যাটিং পজিশনের উপর।
ওপেনারদের স্ট্রাইক রেট ১৩০-১৪০ হলেই যথেষ্ট বলে মনে করেন লারা। বিরাট কোহলি আইপিএলে ওপেন করছেন। ফলে তাঁকে টি২০ বিশ্বকাপেও ওপেনার হিসেবে দেখতে চান লারা। নিদেনপক্ষে তিনে। লারার মতে, ভারতের টপ অর্ডারে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল।
ব্রায়ান লারা স্টার স্পোর্টসে বলেন, ওপেনার হিসেবে তারুণ্যের পাঞ্চটাও জরুরি। সেক্ষেত্রে সিনিয়রদের কেউ তিনে নামতে পারেন। প্রথমদিকে সব সিনিয়ররা থাকলে তার নেতিবাচক দিকও আছে। সকলে ব্যর্থ হলে পরের দিকের ব্যাটারদের উপর চাপ এসে পড়বে।
আরসিবির ব্যর্থতার পিছনে বিরাটকে একা দোষারোপের কারণ দেখছেন না লারা। কেন না, ক্রিকেট দলগত খেলা। যশস্বী জয়সওয়ালের জন্যও লারা পরামর্শ দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে থাকা যশস্বী ৪ ম্যাচে মাত্র ৩৯ রান করেছেন এখনও পর্যন্ত। গড় ৯.৭৫।
লারার মতে, যশস্বী হয়তো টি২০ বিশ্বকাপে সুযোগের বিষয়টি নিয়ে ভাবছেন। এটা অস্বাভাবিক নয়। তবে তাঁর শরীর ও পায়ের মুভমেন্টে সমস্যা পরিলক্ষিত হচ্ছে। শট খেলতে তাড়াহুড়ো করছেন। জয়সওয়াল, গিল বা অভিষেক শর্মা কিংবা রিয়ান পরাগরা টি২০ বিশ্বকাপের দলে সুযোগের বিষয় নিয়ে চিন্তায় থাকতেই পারেন।
তবে তাঁদের জন্য লারার পরামর্শ, আইপিএলে ফোকাস ঠিক রেখে ভালো খেলা। নিজেদের সেরাটা দেওয়া। তাতে আপনাআপনি খুলে যাবে বিশ্বকাপ দলের দরজা। নিজের অভিজ্ঞতা থেকেই এই পরামর্শ দিচ্ছেন বলে দাবি লারার। টি২০ বিশ্বকাপের দলে কিপার হিসেবে সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থ দুজনকেই রাখার পরামর্শ দিচ্ছেন লারা।
সঞ্জু ব্যাটিং অর্ডারে বিভিন্ন পজিশনে খেলতে পারেন। খুব ভালো টাইমার। ঋষভ পন্থও দুর্ঘটনার পর যেভাবে কামব্যাক করেছেন তাতে তাঁকে ভারত বিশ্বকাপের দলে নিলে উপকৃতই হবে বলে ধারণা ক্যারিবিয়ান কিংবদন্তির।












Click it and Unblock the Notifications