IPL 2024: বেয়ারস্টোর শতরানে ইতিহাসে পাঞ্জাব কিংস, ইডেনে বিশ্বরেকর্ডের ছড়াছড়ি, কেকেআরকে ডোবাল বোলিং
IPL 2024: ইডেনে রেকর্ডের ছড়াছড়ি। আগের ম্যাচেই ২২২ রান তুলেও আরসিবির বিরুদ্ধে কেকেআর জিতেছিল মাত্র ১ রানে। আজ ক্রিকেটের নন্দনকাননে সর্বাধিক রান তুলেও হেরেই গেল কেকেআর।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ডটি রাজস্থান রয়্যালসের কাছ থেকে ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। গরম ও আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ সামলে অতিমানবীয় শতরান হাঁকালেন জনি বেয়ারস্টো।

২০২০ সালে শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রানের টার্গেট তাড়া করে ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। সেটিই এতদিন আইপিএলে ছিল সর্বাধিক রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ার উদাহরণ। আজ ২৬২ রানের টার্গেট তাড়া করে জিতল পাঞ্জাব কিংস।
চলতি আইপিএলে এই নিয়ে দু-বার দুশোর উপর রান তুলে ইডেনে হারল কেকেআর। গত ১৬ এপ্রিল রাজস্থান রয়্যালস ২২৪ রানের টার্গেট তাড়া করে কেকেআরকে হারিয়েছিল ২ উইকেটে। ইডেনে তা ছিল সর্বাধিক রান তাড়া করে জয়। আজ সেই রেকর্ডও ভেঙে গেল। ইডেন সাক্ষী থাকল টি২০ ম্যাচে সর্বাধিক ৪২ ছয়ের রেকর্ডেরও।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে যা ছিল দলগত সর্বাধিক স্কোর। ফিল সল্ট ৩৭ বলে ৭৫, সুনীল নারিন ৩২ বলে ৭১ রান করেন। কেকেআর ৩.৫ ওভারে ৫০, ৮ ওভারে ১০০, ১১.৪ ওভারে ১৫০, ১৫.২ ওভারে ২০০ ও ১৯.১ ওভারে ২০০ রান পেরিয়েছিল।
ভেঙ্কটেশ আইয়ার ৩৯, শ্রেয়স আইয়ার ২৮, আন্দ্রে রাসেল ২৪, রিঙ্কু সিং ৫ রান করেন। ৬ রানে অপরাজিত থাকেন রামনদীপ সিং। কেকেআর ইনিংস সাজানো ছিল ২২টি চার ও ১৮টি ছক্কা দিয়ে। অর্শদীপ সিং দুটি এবং স্যাম কারান, হর্ষল প্যাটেল ও রাহুল চাহার নেন ১টি করে উইকেট।
ইডেনে রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে পাঞ্জাব কিংস। ৩.৩ ওভারে ৫০, ৭.২ ওভারে ১০০, ১১ ওভারে ১৫০ ও ১৫ ওভারে ২০০, ১৮ ওভারে ২৫০ রানে পৌঁছে যায় স্যাম কারানের দল। ওপেনিং জুটি ভাঙে ষষ্ঠ ওভারের শেষ বলে। ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ২০ বলে ৫৪ রান করে রান আউট হন প্রভসিমরণ সিং।
এরপর রাইলি রুসোকে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন জনি বেয়ারস্টো। প্রভসিমরণকে সরাসরি থ্রো-য় রান আউট করার পর পাঞ্জাব কিংসের দ্বিতীয় উইকেটটি তুলে নেন সুনীল নারিন। ১৬ বলে ২৬ রান করে রুসো ফিরলে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১২.৩ ওভারে ২ উইকেটে ১৭৮।
জনি বেয়ারস্টো এদিন আইপিএলে দ্বিতীয় শতরান পেলেন। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫২ বলে শতরান পূর্ণ করেছিলেন। এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। কিন্তু আজকের ম্যাচে কামব্যাক করেই শতরান পেলেন ৪৫ বলে। ৮টি করে চার ও ছয় মেরেছেন। টি২০-তে তাঁর চতুর্থ শতরান।
বেয়ারস্টোর সঙ্গে পাঞ্জাবের জয়ে অবদান রাখলেন দুরন্ত ছন্দে থাকা শশাঙ্ক সিং। ২টি চার ও ৮টি ছয়ের সাহায্যে তিনি ২৮ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেন। বেয়ারস্টো ৮টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকলেন। পাঞ্জাবের ইনিংসে রয়েছে ১৫টি চার ও ২৪টি ছক্কা।
সুনীল নারিন ছাড়া কোনও বোলার পাতে দেওয়ার মতো নয়। নারিন ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট পেলেন। কেকেআরের অভিষেকে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ৩ ওভারে দেন ৪৮। হর্ষিত রানা ৪ ওভারে ৬১, ইমপ্যাক্ট সাব অনুকূল রায় ২ ওভারে ৩৬, বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৪৬, আন্দ্রে রাসেল ২ ওভারে ৩৬ ও রামনদীপ সিং ৪ বলে ৯ রান দেন।
টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল। ফলে টি২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করে জেতার নজিরও পাঞ্জাব কিংসেরই দখলে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর রইল দ্বিতীয় স্থানেই। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস আটে। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস।












Click it and Unblock the Notifications