IPL 2024: কোন দেশের ক্রিকেটারদের কতদিন আইপিএলে পাওয়া যাবে? নিলামের আগেই রইল বিরাট আপডেট
আইপিএলের ম্যাচে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি অনেকটাই পার্থক্য গড়ে দেন বিদেশিরাও। প্রতিটি দলেই থাকেন একাধিক বিদেশি ক্রিকেটার। এমনকি নিলামে তারকা এবং প্রতিভাবান বিদেশি ক্রিকেটারদের নেওয়ার জন্য অনেকটাই টাকা খরচ করে দলগুলি। কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। দেশের খেলা থাকলেই ছেড়ে দিতে হয় বিদেশি ক্রিকেটারদের। ফলে শেষ দিকে অনেক সময়ই দলের ভারসাম্য নষ্ট হয়।
বর্তমানে নিলামের টেবিলে বসার আগে দলগুলিও দেখে নেয় কোন বিদেশি ক্রিকেটারকে কতদিনের জন্য পাওয়া যাবে। যদিও অল্প কয়েকটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাওয়ার থাকে সেই ধরনের বিদেশিদের নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকে দলগুলি। কিন্তু ২০২৪ সালের আইপিএলে কোন দেশ কতদিনের জন্য ক্রিকেটার ছাড়বেন তা নিলামের আগেই দিনই প্রকাশ্যে এল। বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ইতিমধ্যেই নিশ্চিত করেছে তাদের দেশের ক্রিকেটাররা পুরো মরসুম আইপিএল খেলবেন।তবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই চারটি দেশের ক্রিকেটারদের পুরো সময় পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ ক্রিকেটাররা ফিট থাকবেন এবং আন্তর্জাতিক ম্যাচ না থাকবে ততক্ষণ খেলতে পারবেন।
মূলত টি২০ বিশ্বকাপের সূচির উপরেই ইংল্যান্ড ক্রিকেটাররা কতদিন আইপিএল খেলবেন সেটা নির্ভর করছে। কারণ সূচি অনুসারে প্রস্তুতি শিবির ঠিক করবে ইসিবি। যদিও মনে করা হচ্ছে টি২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই আইপিএল সূচি বানাবে বিসিসিআই।
বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেটারদের পুরো মরসুম পাওয়া নিয়ে প্রবল অনিশ্চয়তা আছে। দুই দেশের ক্রিকেট বোর্ডই আপাতত আংশিকভাবে খেলার অনুমতি দিয়েছে। তবে বিশেষ অনুমোদন পেয়েছেন মুস্তাফিজুর রহমান এবং জোশুয়া লিটল। আয়ারল্যান্ড ক্রিকেটারকে আপাতত পুরো মরসুমই খেলতে পারবেন, তবে মুস্তাফিজুর শুধু গ্রুপ লিগের ম্যাচগুলিই খেলতে পারবেন।
শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা আছে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। ফলে শ্রীলঙ্কান ক্রিকেটাররাও শুরুতে আইপিএলে অংশ নিতে পারবেন না।












Click it and Unblock the Notifications