IPL 2024: ইডেনে আইপিলের বোধনে নজরে দুই অজি, চর্চায় শ্রেয়স, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
শনিবার ইডেনে আইপিএলের বোধন। কলকাতা নাইট রাইডার্স নামছে প্রথম ম্যাচ খেলতে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। একরাশ প্রত্যাশা নিয়েই শনিবাসরীয় সন্ধ্যায় ক্রিকেটের নন্দন কাননে আইপিএলের বোধন ঘটাতে চলেছে কেকেআর। গত ১০ বছর আইপিএল ট্রফি ঢোকেনি কলকাতায়। এবার মেন্টর হিসাবে গম্ভীরের আগমনে ট্রফির প্রত্যাশা বেড়েছে শাহরুখের দলকে ঘিরে।
এই ম্যাচে নজর থাকবে দুই অজি নক্ষত্রের দিকে। একদিকে কেকেআরের মিচেল স্টার্ক অন্যদিকে, সানরাইজার্সের প্যাট কামিন্স।শনিবারের ম্যাচ দুই ক্রিকেটারের দ্বৈরথও। দুজনই অস্ট্রেলিয়ার। আর দুজনই রেকর্ড দাম পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স। যিনি পেয়েছেন ২০ কোটি ৫০ লক্ষ টাকা। কেকেআরের স্টার্ক। যিনি পেয়েছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা।

আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচে নজরে থাকবেন শ্রেয়স আইয়ারও। ২০২৩ সালে চোটের কারণে আইপিএল খেলতে পারেননি। বিগত কয়েকমাসে তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে ঝড় উঠেছে। চোট, ভারতীয় দল থেকে বাদ, সবশেষে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও তাঁর নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে আইপিএল মঞ্চকেই ব্যবহার করতে চাইছেন শ্রেয়স। ম্যাচের আগের দিন নির্ধারিত সময়ের অনেক পরে এলেন সাংবাদিক সম্মেলনে। নেটে বাড়তি ব্যাটিং করলেন নাইট অধিনায়ক।
শ্রেয়সের কথায়, যদি আপনি খুব বেশি ভবিষ্যত্ বা অতীতের কথা ভাবেন তা হলে ভুল করবেন। বর্তমানটা নিয়ে ভাবতে হবে, আপানার হাতে যেটা আছে সেটা নিয়েই চিন্তাভাবনা করতে হবে। বাইরের বিষয়ে বেশি কান দিলে চলবে না। যত বেশি দেবেন তত ভুল করবেন। এখন নিজের কাজটা ঠিক ভাবে করে যেতে চাই। যদি আগে কোনও ভুল করে থাকি তা হলে সেটা যাতে আর না করি সে দিকে খেয়াল রাখব।'
পিঠের পুরনো চোট নাকি ভোগাচ্ছে তাঁকে।এই ম্যাচের আগে চোটের যাবতীয় জল্পনাও গঙ্গায় ভাসিয়ে দিলেন শ্রেয়স। নাইটদের নেতা বলে দিলেন, 'এখন পুরোপুরি সুস্থ। রোজ অনুশীলন করছি। অনেক ক্ষণ ধরে ব্যাট করছি। চিকিত্সকেরা কী বলেছেন, কী চোট পেয়েছিলাম সে সব মনে রাখতে চাই না।'
স্পিন নির্ভর দল নয়, রয়েছে গতির আস্ফালনও। নারাইন, বরুণ চক্রবর্তী, সূয়স শর্মাদের পাশাপাশি রয়েছেন এক্সপ্রেস গতির মিচেল স্টার্ক। সঙ্গে চেতন সাকারিয়া, বৈভব অরোরা, হর্ষিত রানার মতো ভারতীয় পেসার। ব্যাটিং বিভাগে আছেন ফিল সল্টের মতো বিদেশি। ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংদের মতো দেশীয় তারকারা। আর মাঠের বাইরে ডাগ আউটে থাকবেন কেকেআরের সবথেকে বড় তারকা গৌতম গম্ভীর।
অন্যদিকে সানরাইজার্সও তৈরি। ম্যাচের আগের দিন ইডেনে পুরোদমে অনুশীলন করল দক্ষিণের দলটি। তবে হাসারাঙ্গাকে শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে নাক। তবে হায়দরাবাদ যথেষ্টই ব্যালেন্স দল।
ইডেনের স্পোর্টিং উইকেটে ১৭০-১৮০ রান উঠবে। ইডেনের উইকেট স্পিন সহায়াক হলেও পিচে বাউন্স থাকবে। বল পড়ে ভালভাবে ব্যাটে যাবে বলে মনে করা হচ্ছে। সন্ধ্যায় তাপমাত্রা ২৫ ডিগ্রির আশে পাশে থাকবে। শিশিরের একটা সম্ভাবনা থাকবে এই ম্যাচে। এখনও পর্যন্ত দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে।কেকেআর জিতেছে ১৬ বার, হায়দরাবাদ জিতেছে ৯বার।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশঃ ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সূয়স শর্মা।
সানরাইজার্সের সম্ভাব্য প্রথম একাদশঃ অভিষেক শর্মা অথবা মায়াঙ্ক আগরওয়াল, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার,মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন।












Click it and Unblock the Notifications