IPL 2024: আইপিএলের আগে ধাক্কা খেল রাজস্থান রয়্যালস, সরে দাঁড়ালেন দেড় কোটি টাকার স্পিনার
IPL 2024: আইপিএলের আগে ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়ার ওই স্পিনারকে দেড় কোটি টাকার চুক্তিতে নিলামের আগে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্যালসে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের মতো দুই সেরা স্পিনার থাকা সত্ত্বেও ওই স্পিনার গত আইপিএলেও ৬টি ম্যাচে খেলেছিলেন। দুরন্ত ফর্মে ছিলেন ৫০ ওভারের বিশ্বকাপেও।

অস্ট্রেলিয়া দলের অনেকেই টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিচ্ছেন আইপিএলকে। জেসন বেহরেনডর্ফ চোটের কারণে ছিটকে গিয়েছেন। তবে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই এবারের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত ঠাসা ক্রীড়াসূচির কারণেই।
রবিবার জয়পুরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস। কিন্তু এখনও এসে পৌঁছননি অ্যাডাম জাম্পা। সে কারণেই তাঁকে নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে ইসএসপিএনক্রিকইনফোকে জাম্পার ম্যানেজার জানান, অস্ট্রেলিয়ার তারকা স্পিনার আইপিএল খেলবেন না।
পরিবারের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যেই জাম্পার এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। গত বছর বিশ্বকাপের পর জাম্পা ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজে খেলার পাশাপাশি বিগ ব্যাশ লিগেও খেলেন। টি২০ বিশ্বকাপে তরতাজা হয়ে নামার লক্ষ্যেই আইপিএল না খেলার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
গত আইপিএলে জাম্পা ৬ ম্যাচে ৮টি উইকেট দখল করেছিলেন। গড় ২৩.৫০, ইকনমি রেট ৮.৫৪। চেন্নাই সুপার কিংসকে নিজেদের ঘরের মাঠে হারিয়েছিল রাজস্থান রয়্যালস, সেই ম্য়াচে জাম্পা ২২ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছিলেন।
আইপিএলে মোট চারটি মরশুমে ২০টি ম্যাচে ২৯ উইকেট রয়েছে জাম্পার। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পাশাপাশি রাইজিং পুনে সুপারজায়ান্ট দলেও খেলেছেন। এর আগে, ফিটনেসজনিত কারণে প্রসিদ্ধ কৃষ্ণকেও চলতি মরশুমে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। এবার জাম্পার আচমকা সিদ্ধান্ত।
জাম্পা গত বিগ ব্যাশ লিগে ৮টি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ২৪ রানের বিনিময়ে ২ উইকেট। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করানোর পিছনেও বড় ভূমিকা নেন জাম্পা। বিশ্বকাপে তিনি সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে।
৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী হন মহম্মদ শামি। তিনিও এবার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। বিশ্বকাপের ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে উইকেটশিকারীদের তালিকায় শামির পরেই ছিলেন জাম্পা। এখনও অবধি প্রসিদ্ধ বা জাম্পার পরিবর্তের নাম ঘোষণা করেনি রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications