IPL 2024: আইপিএলের আগে পুলিশি জেরার মুখে সানরাইজার্সের ক্রিকেটার, মডেল মৃত্যুতে নজরে 'ঘনিষ্ঠ সম্পর্ক'
IPL 2024: আইপিএল শুরু ২২ মার্চ। ঠিক তার পরের দিন কলকাতার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। যার অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছে প্যাট কামিন্সের নাম।
যদিও নির্ভরযোগ্য অলরাউন্ডারকে সানরাইজার্স পাবে কিনা তা নিয়ে দেখা দিল বড়সড় প্রশ্নচিহ্ন। মডেল মৃত্যুর কিনারা করতে সানরাইজার্সের এই ক্রিকেটারকে জেরা করল সুরত (Surat)-এর বেসু থানার পুলিশ।

গত মাসেই বেসু রোডের হ্যাপি এলিগ্যান্স আবাসনের বি-১ টাওয়ারের ৭০২ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল তানিয়া সিংয়ের ঝুলন্ত দেহ। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। যদিও কেন তানিয়া এই পথ বেছে নিলেন, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা।
তানিয়ার শেষ কয়েকটা দিন কেমন কেটেছিল তা জানতে তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হয়েছে তানিয়ার মোবাইলের কল ও আইপি ডিটেল রেকর্ডস। শেষের দিকে তানিয়ার সঙ্গে কাদের কথা হয়েছিল, কী কথা হয়েছিল, কোন ধরনের বার্তা আদানপ্রদান করা হয়েছিল, সবই তদন্তকারীদের নজরে রয়েছে।
অভিষেক শর্মার বয়স ২৩। তানিয়ার বয়স ২৮। দুজনের মধ্যে ঘনিষ্ঠতার কথাও জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছিল, অভিষেক ও তানিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল। সেই সম্পর্ক কতটা নিবিড়, কতটা ঘনিষ্ঠ, সম্পর্কের টানাপোড়েনেই তানিয়া এই পথ বেছে নিলেন কিনা সব কিছুই চলে আসছে তদন্তের আওতায়।
তদন্তকারীরা দেখেছেন, মৃত্যুর ঠিক আগে অভিষেককে তানিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন। কিন্তু কোনও উত্তর দেননি অভিষেক। আর সে কারণেই পুলিশি তদন্তের আওতায় অভিষেক যে চলে আসবেন সেটা বোঝাই যাচ্ছিল। আজ অভিষেককে বেসু থানায় তদন্তকারীদের জেরার মুখে পড়তে হলো।
মৃত্যু রহস্যের কিনারা করতে তানিয়া ও অভিষেকের সম্পর্কের বাইরেও কোনও ফ্যাক্টর কাজ করেছে কিনা, কেউ তানিয়াকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে কিনা, অভিষেক কেন তানিয়ার শেষ মেসেজের উত্তর দেননি, এই সবই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
ফের অভিষেককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানা যাচ্ছে। এখানেই বড় সমস্যা। আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বর্তমানে পুলিশি তদন্তের মুখোমুখি হওয়া অভিষেক মানসিকভাবে খেলার জায়গায় থাকতে পারবেন কিনা সেটাই বড় বিষয় হতে চলেছে।
আইপিএলে অভিষেক খেলছেন ২০১৮ সাল থেকে ৪৭ ম্যাচে ৮৯৩ রান করেছেন, চারটি অর্ধশতরান-সহ। গত বছর ১১ ম্যাচে ২২৬ রান করেছিলেন, পেয়েছিলেন ২টি অর্ধশতরান। ২০২২ সালেও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। মোট ৯টি উইকেট পেয়েছেন তিনি আইপিএলে, গত মরশুমে ২টি, ২০২১ সালে নিয়েছিলেন ৪ উইকেট।












Click it and Unblock the Notifications