IPL 2024: তারকা হয়েও ব্রাত্য দলের খাতায়, দামী ক্রিকেটারদের মধ্যে ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন কারা?
২০২৪ সালের আইপিএলের নিলাম পর্ব হতে এক মাসও বাকি নেই। ইতিমধ্যেই সব দলই ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। যদিও এখনও কিছুদিন সময় আছে দলবদলের। রবিবারই দলগুলি জানিয়ে দিয়েছে আসন্ন মরসুমের জন্য তাঁদের ছাঁটাইয়ের তালিকা। সেখানেই রয়েছে কিছু চমক। কারণ এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন তারকা। যাদের মোটা অঙ্কের টাকা খরচ করে ফ্রাঞ্চাইজিগুলি দলে নিয়েছিল।
১০ দল মোট ৮৫ জন ক্রিকেটারকে বাদ দিয়েছে । এই তালিকায় সবার উপরে আছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর টিম থেকে বাদ দিয়েছে ১২ জন ক্রিকেটারকে। এর মধ্যে শাকিব আল হাসান, লিটন দাসের মতো বিদেশিরা যেমন আছেন তেমনই আছেন শার্দূল ঠাকুরের মতো দামী ক্রিকেটার। দামী ক্রিকেটারদের মধ্যে কারা রয়েছেন এই তালিকায়, সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বেন স্টোকস। তিনি আগেই সিএসকে কর্তাদের জানিয়ে দিয়েছিলেন আগামী মরসুমে আইপিএলে মাঠে না নামার কথা। ফলে তাঁকে দল থেকে বাদ দিতেই হয় চেন্নাইকে। সেই হিসাবে দেখতে স্টোকসই সব থেকে দামী ক্রিকেটার যিনি বাতিলের তালিকায় আছেন। ব্রিটিশ তারকাকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল সিএসকে।
সানরাইজার্স ছেড়ে দিয়েছে আরও এক ব্রিটিশ তারকা হ্যারি ব্রুককে। ১৩.২৫ কোটি টাকা দিয়ে কিনেও হ্যারিকে দলে রাখেনি হায়দরাবাদ। তাঁকে দল থেকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েছে দক্ষিণী দলটি। ভারতীয় দলের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুরও জায়গা ধরে রাখতে পারেননি নাইট শিবিরে।
কেকেআর দলের পক্ষ থেকে যে ১২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে শার্দূলের নাম। ১০.৭৫ কোটি টাকা দিয়ে তারকা এই অল রাউন্ডারকে দলে নিয়েছিল কেকেআর। হর্ষল প্যাটেল, হ্যাজেলউডদের মতোই আরসিবি ছেড়ে দিয়েছে হাসারাঙ্গাকে। ১০.৭৫ কোটি টাকাতে তাঁকে কিনেছিল আরসিবি। কিন্তু গ্রিনকে নেওয়ার জন্য টাকা বাঁচাতে হাসারাঙ্গার মতো দামী ক্রিকেটারকে বাদ দিয়ে দিল বিরাট ব্রিগেড।
বিরাট কোহলিদের দলে দামী রত্ন ছিলেন হর্ষল প্যাটেলও। তাঁকেও ১০.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল আরসিবি। কিন্তু ব্যাঙ্গালোরের বাতিলের খাতায় পড়লেন তিনিও। দামি রত্ন হয়েও আপাতত দলহীন এই চারজন।
তবে সরাসরি বাতিল না করে হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিয়ে গুজরাত। ভারতীয় দলের তারকা অল রাউন্ডারকে ২০২২ সালে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছিল গুজরাত দল। তবে তাঁকে ট্রেড করেছে গুজরাত। একইরকমভাবে মুম্বইও ট্রেড করেছে অজি তারকা গ্রিনকে।












Click it and Unblock the Notifications