IPL 2023: আইপিএলের বৈধ টিকিট থাকা সত্ত্বেও বাধা প্রতিবাদী কুস্তিগীরদের? বজরংয়ের দাবিতে শোরগোল
আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছিল দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। বিকেল সাড়ে তিনটে থেকে ম্যাচ শুরু হয়। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৭৭ রানে জিতে প্লে-অফে জায়গা করে নেয়। ডেভিড ওয়ার্নারের দলের আইপিএল অভিযান এবারের মতো শেষ।
আইপিএলের এই ম্যাচ ঘিরে এবার নয়া বিতর্ক। ম্যাচ দেখার বৈধ টিকিট থাকা সত্ত্বেও প্রতিবাদী কুস্তিগীরদের স্টেডিয়ামে প্রবেশে দিল্লি পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ মানতে চায়নি দিল্লি পুলিশ।

আজই দুপুরে সাংবাদিক বৈঠক করে ভিনেশ ফোগাট জানিয়েছেন, ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি ও শাস্তি প্রদানের দাবিতে যে প্রতিবাদ কর্মসূচি যন্তর মন্তরে চলছে তা কৃষক আন্দোলনের মতো বড় আকার ধারণ করতে পারে। কাল, অর্থাৎ ২১ মে-র মধ্যে দাবিপূরণ না হলে খাপ মহাপঞ্চায়েত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সেই সময়ই ভিনেশ জানিয়েছিলেন, তাঁরা আজ জানতে পারেন দিল্লিতে আইপিএলের ম্য়াচ রয়েছে। নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালাতে গিয়ে অন্য খেলার খবর রাখতে পারছেন না। আগে থেকে আইপিএলের ম্যাচ সম্পর্কে জানতে পারলে জনসচেতনতা বৃদ্ধিতে নিজেদের কর্মসূচিতে আইপিএলের মতো মঞ্চকেও যুক্ত করতে পারতেন।

এরপরই প্রতিবাদী কুস্তিগীররা খানিকটা চমক দিয়েই পৌঁছে যান অরুণ জেটলি স্টেডিয়ামে। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সঙ্গে অনেক কুস্তিগীরই সেখানে উপস্থিত হন। তাঁদের পরনে ছিল সাদা গেঞ্জি, যাতে লেখা আই সাপোর্ট রেসলারস! অর্থাৎ কুস্তিগীরদের প্রতি সমর্থনের বার্তা।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জয়ী বজরং পুনিয়ার দাবি, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা টিকিট নিয়েই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকছিলাম। কিন্তু জানি না কেন পুলিশ বাধা দিয়েছে। উল্লেখ্য, প্রায় এক মাস ধরে যন্তর মন্তরে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের শাস্তির দাবিতে প্রতিবাদ চালাচ্ছেন কুস্তিগীররা।

আইপিএলের আসরে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য দেখা দেয়। দেশকে পদক জেতানো কুস্তিগীরদের আইপিএলের আসরে ঢুকতে না দেওয়ার সমালোচনায় সরব হন অনেকে। যদিও দিল্লি পুলিশের পাল্টা দাবি, অনেকের কাছেই স্টেডিয়ামে ঢোকার বৈধ টিকিট ছিল না। বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, টিকিট ও পাস থাকা কাউকেই বাধা দেওয়া হয়নি স্টেডিয়ামে ঢোকার সময়। সকলেই নির্দিষ্ট গেট দিয়ে মাঠে প্রবেশ করে খেলা দেখেছেন। পুলিশের দাবি, ১০-১২ জন কুস্তিগীর এসেছিলেন। তাঁদের পাঁচজনের কাছে বৈধ টিকিট ছিল। যাঁদের পাস বা টিকিট ছিল না তাঁদের আটকানো হয়েছে।
এখানেও প্রশ্ন থাকছে। দেশকে অলিম্পিক-সহ আন্তর্জাতিক পদক এনে দেওয়া তারকা কুস্তিগীরদের যদি টিকিট বা পাস নাও থাকে, তাহলে কেন দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি বা ডিডিসিএ-র কর্তারা উদ্যোগী হলেন না তাঁদের মাঠে নিয়ে গিয়ে খেলা দেখানোর বন্দোবস্ত করার? কাল কুস্তিগীররা পরবর্তী কোন বড় পদক্ষেপের ঘোষণা করেন সেদিকে তাকিয়ে সকলে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications