আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করতে কেন সময় নিচ্ছে বিসিসিআই? কারণটা জেনে নিন
আইপিএলের ষোড়শ সংস্করণ হবে নতুন বছরে। নিলাম হয়ে গিয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজি দলও গড়ে ফেলেছে। কিন্তু আইপিএল এবং মহিলাদের আইপিএল কবে হবে সেটাই ঠিক করে উঠতে পারছে না বিসিসিআই। আইপিএল এখন ১০ দলের। ম্যাচ বেড়েছে। কিন্তু আগামী আইপিএলের দিন ঠিক করতে নাজেহাল বিসিসিআই।

বিসিসিআই প্রথমে ঠিক করেছিল ৭৪ দিন ধরে আইপিএল চলবে। কিন্তু সেই পরিকল্পনা থেকে পিছু হঠতে হচ্ছে বিসিসিআইকে। এখনও আনুষ্ঠানিকভাবে আইপিএলের দিন ঘোষণা না হলেও বিসিসিআই সূত্রে খবর ১ এপ্রিল শুরু হবে ষোড়শ আইপিএল। কিন্তু আইসিসির নিয়ম মেনে চললে কোনওভাবেই তা আড়াই মাস ধরে চালানো যাবে না। বিসিসিআইয়ের সমস্যা বাড়াচ্ছে একদিকে মহিলা আইপিএল, অন্যদিকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফলে এই দুইয়ের জাঁতাকলে পড়ে যাচ্ছে আইপিএল। আইসিসির নিয়ম মানলে আইপিএলের জন্য বেশি সময়ের উইন্ডো পাওয়া যাবে না। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ও ভারতীয় তারকাদের নিয়ে চিন্তা থাকবে ফ্র্যাঞ্চাইজিদের।
ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়ার কথা ৭ থেকে ১১ জুন। ফলে আইপিএল ফাইনাল শেষ করতেই হবে ৩১ মে। ইনসাইডস্পোর্টকে এক বোর্ডকর্তা জানিয়েছেন, মহিলাদের আইপিএল ও আইপিএল চলবে তিন মাস ধরে। কোনটা কতদিন ধরে চলবে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে আড়াই মাসের উইন্ডো আইপিএলের জন্য পাওয়া যাবে না। ক্রিকেটারদের পাশাপাশি সম্প্রচারকারী চ্যানেলের স্বার্থের বিষয়টি মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আইসিসি ইভেন্ট শুরুর সাতদিনের মধ্যে কোনও টুর্নামেন্ট আয়োজন করা যায় না। সে কারণেই বিসিসিআইয়ের হাতে সময় খুব অল্প। মহিলাদের আইপিএল মার্চে শুরু হবে। খুব স্পষ্ট করে দেখলে আইপিএল শেষ করার জন্য ৫৭ দিন হাতে থাকছে বিসিসিআইয়ের। স্বাভাবিকভাবেই ডাবল হেডারের সংখ্যা বাড়াতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, আইপিএল ২০২৩ থেকেই আড়াই মাস ধরে চলবে। পরে ম্যাচ ও টুর্নামেন্টের সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হবে পরের বছর থেকে। কিন্তু শুরুতেই হোঁচট খাচ্ছে বিসিসিআই। অস্ট্রেলিয়া ও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে, পরিস্থিতি সেদিকেই এগিয়ে চলেছে। ফলে আইপিএলের প্লে অফে ভারত ও অস্ট্রেলিয়ার তারকাদের পাওয়া যাবে কিনা সেটাও দেখার। ক্রিকেটাররা যাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে তরতাজা থাকেন সেটা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিদের কাছেও রোটেশন পদ্ধতি মেনে খেলিয়ে ওয়ার্কলোড ম্যানেজের পরামর্শ দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications