IPL 2023: আরসিবিকে ১৭৪ রানে বেঁধে ফেলল পাঞ্জাব কিংস, বিরাট-ফাফের অর্ধশতরান
আইপিএলে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যমাত্রা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ দু প্লেসি ও বিরাট কোহলি দুজনেই অর্ধশতরান করলেন। গড়লেন শতরানের পার্টনারশিপও। তবু দুশোর কাছাকাছি যেতে পারল না আরসিবি।
মোহালিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে আরসিবি। ফাফ দু প্লেসি ৮৪ ও বিরাট কোহলি ৫৯ রান করেন। হরপ্রীত ব্রার দুটি এবং নাথান এলিস ও অর্শদীপ সিং একটি করে উইকেট পেয়েছেন।

টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। ফাফ দু প্লেসির পরিবর্তে এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ওপেনিং জুটিতে ওঠে ১৩৭ রান। ষোড়শ ওভারের প্রথম দুটি বলে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে দেন হরপ্রীত ব্রার।

পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে বিরাট ৪৭ বলে ৫৮ রান করেন। এই নিয়ে তিনবার বিরাট ও ফাফ দু প্লেসি শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে আরসিবির স্কোর ছিল বিনা উইকেটে ৫৯। ৫.১ ওভারে ৫০ রান পূর্ণ হয়, ১১.৪ ওভারে ১০০ রানের মাইলফলক স্পর্শ করে আরসিবি। ১৭.২ ওভারে দেড়শো রানে পৌঁছয় আরসিবি।

বিরাট আউট হওয়ার পর নেমে প্রথম বলেই আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। ১৭.৩ ওভারে ১৫১ রানে নাথান এলিসের শিকার হন দু প্লেসি। বিরাট এদিন হাফ সেঞ্চুরি করেন ৪০ বল খেলে। তাঁর আগেই ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন দু প্লেসি। পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে ৫৬ বলে ৮৪ রান করেন তিনি।

১৯তম ওভারের শেষ বলে দীনেশ কার্তিককে সাজঘরে ফেরান অর্শদীপ সিং। কার্তিক ৫ বলে ৭ রান করেন।মহীপাল লোমরর ৯ বলে ৭ ও শাহবাজ আহমেদ ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন। ১৩ ওভারে আরসিবির স্কোর ছিল বিনা উইকেটে ১০৮। সেখান থেকে আরসিবিকে ১৭৪ রানে আটকে রাখল পাঞ্জাব কিংস। শেষ ৫ ওভারে ৪৪ রান ওঠে ৪ উইকেটের বিনিময়ে।

হরপ্রীত ব্রার ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৩৪ ও নাথান এলিস ৪ ওভারে ৪১ রান দিয়ে একটি করে উইকেট নেন। স্যাম কারান ৪ ওভারে ২৭, রাহুল চাহার ৪ ওভারে ২৪ ও লিয়াম লিভিংস্টোন ১ ওভারে ৯ রান দিয়ে উইকেট পাননি। শিখর ধাওয়ান না খেললেও এদিন পাঞ্জাব কিংসের ব্যাটিং গভীরতা বেড়েছে লিভিংস্টোন দলে আসায়।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications