বিরাটের ব্যাটে নতুন রেকর্ড, কোহলির দাপুটে পারফরম্যান্সে উচ্ছসিত গেইল
খারাপ সময় কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগেই রানে ফিরেছিলেন বিরাট কোহলি। এবার আইপিএলের মঞ্চেও শুরু বিরাট শো। রবিবার চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে অবতীর্ণ হলেন কিং কোহলি। বিরাটের ব্যাটে যেন সেই পুরানো মেজাজ।

মুম্বইয়ের মতো শক্তিশালী দলে বিরুদ্ধে জ্বলে উঠলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। যেন বোঝাতে চাইলেন কিং কোহলি ইজ ব্যাক। ৪৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে বিরাট বুঝিয়ে দিলেন ২২ গজে এখনও তিনি রানের রাজা। আর বিরাট কোহলির এই পারফরম্যান্স মাঠে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ক্রিস গেইল ।
ক্যারিবিয়ান বাঁ হাতি ব্যাটসম্যান বিরাটের তাণ্ডব দেখার পর স্মৃতির সরণীতে ভাসছেন। কোহলির ব্যাটিংয়ে ২০১৬ সালের ছায়া দেখতে পাচ্ছেন গেইল। এর আগে আরসিবির হয়ে একসঙ্গে ২২ গজে ঝড় তুলেছিলেন বিরাট এবং গেইল জুটি। ২০১৬ সালে আইপিএল মরসুমে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৯৭৩ রান ,এর মধ্যে রয়েছে চারটি শতরান। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যানই এই রেকর্ড ভাঙতে পারেননি। গেইল মনে করছেন ২০২৩ সালে আইপিএলের মরসুমে বিরাটের ব্যাট থেকে এইরকমই রানের বন্যা দেখতে পাওয়া যাবে।
বিরাটের ব্যাটিং নিয়ে গেইল আলোচনা করেন ডিভিলিয়ার্সের সঙ্গে। প্রথম দিনে বিরাটের পারফরমেন্সের কোনও প্রশংসায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন আরসিবির হল অব ফ্রেম সম্মানে ভূষিত ক্রিস গেইল। তাঁর কথায়, 'আমি নিশ্চিত চলতি বছরে বিরাটের উপরে কোনও চাপ নেই। টুর্নামেন্টের আগে আমি এবি (ডিভিলিয়ার্স) এই ব্যাপারে আলোচনা করেছি। ডিভিলিয়ার্স আমাকে বলেছে, বিরাটের রানের খিদে আবার ফিরে এসেছে। ওর মধ্যে এখন কোনও চাপ নেই। এবার বিপক্ষ বোলারদের যথেষ্ট চাপের মধ্যে থাকতে হবে বিরাটকে সামলানোর জন্য।'
এর পাশাপাশি ক্যারিবিয়ান বিধ্বংস ব্যাটসম্যান উল্লেখ করেছেন, 'এই ফর্মটা ধরে রাখতে হবে বিরাট কোহলিকে। সেটা তবে সূচনাটা অবশ্যই ভালো হয়েছে। বিরাট এবং ডু প্লেসি জুটি যথেষ্ট ভালো খেলেছে প্রথম ম্যাচেই। বিপক্ষ বোলারদের এবার কিন্তু বাড়তি চাপে ফেলতে পারে এই জুটি।'
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচটি ছক্কা এবং ছটি চার মেরে ৮২ রান করে অপরাজিত থেকেছেন কিং কোহলি। করোনার কালবেলা পেরিয়ে আবার ঘরের মাঠে খেলতে শুরু করল আরসিবি । ২০১৯ সালের পর আবার নিজেদের মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পেলেন বিরাট কোহলিরা। এই প্রসঙ্গে গেইল বলেন, 'ঘরের মাঠে দর্শকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরসিবি দল গত তিন বছর ধরে ঘরের মাঠে খেলতে পারেনি। তাই দর্শকরা অধীর আগ্রহে ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছিলেন। দর্শকরা যেভাবে বিরাটকে অনুপ্রেরণায় জুগিয়েছেন তা এককথায় অনবদ্য। আমি অত্যন্ত খুশি বিরাটের পারফরম্যান্সে।'
শুধু কি রান করলেন? না একইসঙ্গে রেকর্ডও গড়লেন কিং কোহলি। আইপিএলের ইতিহাসে ডেভিড ওয়ার্নারের পর ৫০টির বেশি ৫০ রানের ইনিংস খেলে ফেললেন বিরাট। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই নজির স্পর্শ করলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। এখনও পর্যন্ত বিরাট আইপিএলে পাঁচটি শতরান এবং ৪৫টি অর্ধশতরান করেছেন। দিল্লি অধিনায়ক ওয়ার্নারের এই সংখ্যাটা ৬০। তারকা খচিত দল গড়েও এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি আরসিবি। বিরাটের ব্যাটে ভর করে এবার কী স্বপ্নপূরণ হবে বাগিচা শহরের ক্রিকেট প্রেমীদের, উত্তর দেবে সময়ই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications