IPL 2023: সূর্যকুমারের দাপুটে শতরান! গুজরাতকে ২১৯ রানের টার্গেট দিল মুম্বই, রশিদের চার উইকেট
আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের সামনে জয়ের জন্য ২১৯ রানের টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে।
সূর্যকুমার যাদব আইপিএল তথা ঘরোয়া ক্রিকেটে প্রথম টি ২০ শতরান হাঁকিয়ে অপরাজিত রইলেন। রশিদ খান ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে নিলেন চার উইকেট। ১২ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরে দখলে নিলেন বেগুনি টুপি।

মুম্বই ইন্ডিয়ান্স পাওয়ারপ্লে-র ৬ ওভারে বিনা উইকেটে তুলেছিল ৬১ রান। সপ্তম ওভারের প্রথম বলে রোহিত শর্মাকে আউট করেন রশিদ খান। আগের পাঁচটি ইনিংসে দুই অঙ্কের রান না পেয়ে চাপে ছিলেন হিটম্যান। আজ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করলেন ১৮ বলে ২৯ রান। এই নিয়ে আইপিএলে চারবার রশিদের শিকার হলেন রোহিত, ২৬ বলে মাত্র ২৯ রান করেছেন।

৬১ রানে প্রথম উইকেট পড়ে। ৬.৫ ওভারে দ্বিতীয় উইকেটের পতন। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩১ রান করে রশিদ খানেরই শিকার হন ঈশান কিষাণ। সপ্তম ওভারের পঞ্চম বলে মুম্বইয়ের দ্বিতীয় উইকেট তুলে নেন রশিদ। নবম ওভারের শেষ বলে রশিদের তৃতীয় শিকার নেহাল ওয়াধেরা (৭ বলে ১৫)। ৮৮ রানে তৃতীয় উইকেট হারায় রোহিতের দল।

এরপর বিষ্ণু বিনোদ ও সূর্যকুমার যাদব দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৬তম ওভারের শেষ বলে বিষ্ণু বিনোদ আউট হন মোহিত শর্মার বলে। তিনি করেন ২০ বলে ৩০, ১৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট।

১৭তম ওভারের শেষ বলে টিম ডেভিডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান রশিদ। ৩ বলে ৫ রানে তিনি রশিদের হাতেই ক্যাচ দিয়ে ফিরলে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৪।

শেষ ৫ ওভারে ২ উইকেট খুইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৬৭ রান তুলল, এর কৃতিত্ব সূর্যরই। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। সূর্যর শতরানটি এলো মুম্বই ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে। এই ওভারের শুরুতে তাঁর রান ছিল ৪৪ বলে ৮৭। আলজারি জোসেফের চতুর্থ ও ষষ্ঠ বলে ছক্কা হাঁকালেন। সেঞ্চুরি এলো ৪৯ বলে।

১১টি চার ও ৬টি ছয় মেরে ৪৯ বলে ১০৩ রানে অপরাজিত থাকলেন সূর্যকুমার। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি উঠে এলেন তিনে। তিন বলে তিন রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ষষ্ঠ উইকেট জুটিতে ৫০ রান ওঠে মাত্র ১৮ বলে। রশিদ খানের চার উইকেটের পাশাপাশি একটি উইকেট পান মোহিত শর্মা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications