IPL 2023: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ঘুরে দাঁড়ানোর লড়াই, মার্করামের দল কোন বিভাগে দুর্বল?
আইপিএলে গত দুই মরশুম মোটেই ভালো যায়নি সানরাইজার্স হায়দরাবাদের। অধিনায়ক বদলেও লাভ হয়নি। অবশেষে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে অরেঞ্জ আর্মি। নতুনভাবে দল গুছিয়ে এবার অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করামকে। দেখে নেওয়া যাক, ২০১৬-র চ্যাম্পিয়নদের শক্তি ও দুর্বলতা।

ব্যর্থতা কাটিয়ে আলোর সন্ধানে
২০১৬ সালের আইপিএলে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ২০১৭ সালে প্লে-অফ খেলে। ২০১৮ সালে রানার-আপ, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলেও প্লে-অফে পৌঁছেছিল। তবে ২০২১ সালে ৮ দলের মধ্যে অষ্টম ও গত বছর ১০ দলের মধ্যে অষ্টম স্থান অধিকার করে। গত বছর তারা জিতেছিল ৬টিতে, হেরেছে ৮টি ম্যাচে। এবার অরেঞ্জ আর্মির ঘুরে দাঁড়ানোর লড়াই।

প্রথম ম্যাচে সমস্যা
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচে দলের তিন বিদেশিকে পাবে না নিজামের শহর। অধিনায়ক এইডেন মার্করাম, মার্কো জানসেন ও হেইনরিখ ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে ৩ এপ্রিল আইপিএল দলের সঙ্গে যোগ দেবেন। ফলে এই ম্যাচে ভুবনেশ্বর কুমারকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। কিংবা ময়াঙ্ক আগরওয়ালকে। পাঁচ বিদেশির মধ্যে থেকে বেছে নিতে হবে চারজনকে।

মার্করাম আইপিএলে নয়া দায়িত্বে
সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে নেতৃত্ব দিয়ে প্রথম এসএ ২০ খেতাব জিতিয়েছেন মার্করাম। এবার আইপিএল খেতাব দখলের চ্যালেঞ্জ। পাঞ্জাব কিংস ছেড়ে দেওয়ার পর অভিজ্ঞ ময়াঙ্ক আগরওয়াল এবার হায়দরাবাদের হয়ে খেলবেন। নজর কাড়তে পারেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার ৯৯টি টি ২০ খেলেছেন, ১টি শতরান ও ৯টি হাফ সেঞ্চুরি-সহ ২৪৩২ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১০২। প্রথমবার আইপিএলে তিনি ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন।

ব্যাটিং বিভাগ শক্তিশালী
ব্রায়ান লারা এবার সানরাইজার্সের হেড কোচ। ডেল স্টেইন ফাস্ট বোলিং কোচ, মুথাইয়া মুরলীধরন স্পিন বোলিং কোচ। নেদারল্যান্ডসের হেড কোচ রায়ান কুককে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে অরেঞ্জ আর্মি। হেমাঙ্গ বাদানি ব্যাটিং কোচ। টপ অর্ডারে ময়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, মিডল অর্ডারে মার্করাম, ব্রুক, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেনরা থাকায় ব্যাটিং গভীরতা ভালোই। ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেনও ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারবেন।

পেস আক্রমণের তুলনায় দুর্বল স্পিন
সানরাইজার্স হায়দরাবাদের পেস আক্রমণ এতটাই শক্তিশালী যে শুধু ভারতীয়দের দিয়েই আক্রমণ শানাতে পারে। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার, উমরান মালিক আছেন, সেই সঙ্গে আছেন টি নটরাজন, কার্তিক ত্যাগী। মার্কো জানসেন বা ফজলহক ফারুকির মতো বিদেশিরা থাকায় পেস অ্যাটাক সমীহযোগ্য। আদিল রশিদ স্পিন বোলিংয়ের প্রধান অস্ত্র। কিন্তু তিনি একাদশে ঠাঁই না পেলে ওয়াশিংটন সুন্দর, মার্করাম বা অভিষেক শর্মাকে স্পিন বোলিং করতে হবে। প্রথম একাদশে ময়াঙ্ক মার্কণ্ডে সুযোগ পেলে তিনিও স্পিন বোলিং করতে পারবেন। তবে পেসের তুলনায় সানরাইজার্সের স্পিন বিভাগ দুর্বল।

ক্রীড়াসূচির চ্যালেঞ্জ
সানরাইজার্সের ক্রীড়াসূচিও যথেষ্ট চ্য়ালেঞ্জিং। ঘনঘন শহর পরিবর্তন করতে হবে। সেই সঙ্গে মার্চের ১৩ থেকে ২১ তারিখের মধ্যে ৯ দিনে তাদের খেলতে হবে চারটি ম্যাচ।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, আবদুল সামাদ, আনমোলপ্রীত সিং, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন, উপেন্দ্র যাদব, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বিভ্রান্ত শর্মা, সানভীর সিং, সমর্থ ব্যাস, ময়াঙ্ক ডাগর, আদিল রশিদ, ময়াঙ্ক মার্কণ্ডে, আকিল হোসেন, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, কার্তিক ত্যাগী, উমরান মালিক, টি নটরাজন ও ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications