IPL 2023: আরসিবির সামনে হায়দরাবাদ, প্লে-অফে যেতে বিরাটদের ২ পয়েন্ট আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ
আইপিএলে কাল হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অরেঞ্জ আর্মি ইতিমধ্যেই বিদায় নিয়েছে আইপিএল থেকে। যদিও ঘরের মাঠে তারা জিতলে আরসিবির শেষ চারে যাওয়া কঠিন হতে পারে।
সাম্প্রতিক ছন্দের নিরিখে আরসিবি শুরু করবে ফেভারিট হিসেবেই। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে ৫৯ রানে অল আউট করে ১১২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ফাফ দু প্লেসির দল। তাতে নেট রান রেটের উন্নতি হয় অনেকটাই। জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর আরসিবি।

১২ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছেন বিরাট কোহলিরা। বাকি দুটি ম্যাচ। হায়দরাবাদের বিরুদ্ধে খেলে শেষ ম্যাচে নিজেদের মাঠে আরসিবি খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১৬। গুজরাত ইতিমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকেই কোয়ালিফায়ার খেলবে, এটা নিশ্চিত হয়ে গিয়েছে।
কোয়ালিফায়ারের প্রস্তুতি সেরে নিতে আরসিবি ম্যাচকে হাতিয়ার করবেন হার্দিকরা। ফলে সেই ম্যাচে বিরাট, ফাফ, গ্লেন ম্যাক্সওয়েলদের কাজটা সহজ হবে না। হায়দরাবাদ থেকে ২ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে অনেকটাই স্বস্তি নিয়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে পারবে আরসিবি।

সানরাইজার্স হায়দরাবাদ টানা ২টি ম্যাচে হেরেছে। ১২ ম্যাচে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস যদি পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আরসিবির বিরুদ্ধে নামতে হবে এইডেন মার্করামের দলকে। হায়দরাবাদের শেষ ম্যাচ রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ঘরের মাঠে শেষ লিগ ম্যাচ জিততে মরিয়া সানরাইজার্স।
আরসিবি আগের ম্যাচে হাল্কা চোট থাকায় নামায়নি জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে। কালকের ম্যাচে তাঁরা খেলবেন কিনা নিশ্চয়তা নেই। মহম্মদ সিরাজ নিজের শহরে আরসিবিকে জেতাতে মুখিয়ে থাকবেন। তাঁর বাড়িতে নৈশভোজ সারেন বিরাটরা। সানরাইজার্সের একাদশে কিছু নতুন মুখকে দেখা যেতে পারে নিয়মরক্ষার শেষ ম্যাচে।

আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, অনুজ রাওয়াত, ওয়েন পার্নেল, কর্ণ শর্মা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। শাহবাজ আহমেদ নামতে পারেন ইমপ্যাক্ট সাব হিসেবে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সানবীর সিং, আবদুল সামাদ, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, ফজলহক ফারুকি। ইমপ্যাক্ট সাব হতে পারেন টি নটরাজন।
হায়দরাবাদে চলতি আইপিএলে ৬টি ম্যাচের চারটিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। প্রথম ইনিংসে গড় স্কোর ১৭২। বিরাট কোহলি, ফাফ দু প্লেসি গ্লেন ম্যাক্সওয়েলরা ফর্মে থাকায় কালও বড় স্কোর হতে পারে। আরসিবি নেট রান রেট বাড়িয়ে নিতে চাইবে। রান তাড়া করতে হলে দ্রুত টার্গেটে পৌঁছনো লক্ষ্য থাকবে।
গরম ও আর্দ্রতার চ্যালেঞ্জ নিয়ে জমজমাট দ্বৈরথের অপেক্ষা। দুই দলের ২২টি দ্বৈরথে হায়দরাবাদ জিতেছে ১২টিতে, আরসিবি ৯টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি সাক্ষাতেও এগিয়ে অরেঞ্জ আর্মি। গত বছর প্রথম সাক্ষাতে হায়দরাবাদ জিতলেও সর্বশেষ দ্বৈরথে আরসিবি জিতেছিল ৬৭ রানে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications