IPL 2023: সানরাইজার্সের সামনে ২০৪ রানের টার্গেট রাখল রাজস্থান, কেন কালো আর্মব্যান্ড পরেছেন ক্রিকেটাররা?
আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান রয়্যালস। এই প্রথম চলতি মরশুমে কোনও দল দুশোর উপর রান তুলল। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের অর্ধশতরানের সৌজন্যে ২০ ওভারে রাজস্থান রয়্যালস তুলল ৫ উইকেটে ২০৩ রান। ফজলহক ফারুকি ও টি নটরাজন নিলেন ২টি করে উইকেট।

দুরানির প্রতি শ্রদ্ধা
টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ভারতের প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানির প্রয়াণের কারণে আজ দুই দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। খেলা শুরুর আগে প্রয়াত ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। আইপিএলের এই ম্যাচটিতে চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করছেন বাংলার অভিজিৎ ভট্টাচার্য।
|
ভালো শুরু সানরাইজার্সের
যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের ওপেনিং জুটি ঝড়ের গতিতে রান তুলতে থাকে। পাওয়ারপ্লে-তে এদিনই সর্বাধিক রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস। ৬ ওভারে ১ উইকেটে ৮৫। ২০২১ সালে আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে ৮১ রান তুলেছিল রাজস্থান। এদিন সেই নজির ভেঙে গেল।

বাটলারের অর্ধশতরান
জস বাটলার গত আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। এদিন ২০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। পাওয়ারপ্লে-তে তৃতীয়বার হাফ সেঞ্চুরি পূর্ণ করে ক্রিস গেইলের রেকর্ডও স্পর্শ করেন বাটলার। ৫.৫ ওভারে দলের ৮৫ রানের মাথায় তিনি ফজলহক ফারুকির বলে বোল্ড হন। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্য়ে বাটলারের সংগ্রহ ২২ বলে ৫৪। ৩.৪ ওভারে ৫০ রান পূর্ণ করেছিল রাজস্থান। ১০০ রান পূর্ণ হয় ৭.৪ ওভারে, যা আইপিএলে তাদের দ্রুততম। ২০২১ সালে চেন্নাই ম্যাচে ৮.১ ওভারে ১০০ হয়েছিল।

যশস্বীর হাফ সেঞ্চুরি
যশস্বী জয়সওয়াল ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩৭ বলে ৫৪ রান করে ফারুকির দ্বিতীয় শিকার। তিনি ৯টি বাউন্ডারি মেরেছেন। ১২.৩ ওভারে রাজস্থান দ্বিতীয় উইকেটটি হারায়। উমরান মালিকের গতিতে পরাস্ত হয়ে দেবদত্ত পাড়িক্কল বোল্ড হন ৫ বলে ২ রান করে। ১৪.১ ওভারে ১৫১ রানে পড়ে রয়্যালসের তৃতীয় উইকেট। ১৬.১ ওভারে রিয়ান পরাগ সাজঘরে ফেরেন ৬ বলে ৭ রান করে। তাঁর উইকেটটি নেন টি নটরাজন। ১৭০ রানে চতুর্থ উইকেট পড়ে রাজস্থানের।
|
প্রথম ম্যাচে চওড়া সঞ্জুর ব্যাট
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন এদিন সর্বাধিক রান করলেন। অর্ধশতরান পূর্ণ করতে নিলেন ২৮ বল। আইপিএলে রাজস্থানের প্রথম ম্যাচে এই নিয়ে টানা চার বছর ৫০ বা তার বেশি রান করলেন সঞ্জু। ২০২০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেছিলেন ৩২ বলে ৭৪, পরের বছর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৩ বলে ১১৯, গত বছর সানরাইজার্সের বিরুদ্ধে ২৭ বলে ৫৫। এদিন তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে সঞ্জু করেন ৩২ বলে ৫৫।

সানরাইজার্সের টার্গেট ২০৪
১৮.৩ ওভারে সঞ্জু আউট হন দলের ১৮৭ রানের মাথায়। এরপর আর কোনও উইকেট হারায়নি রাজস্থান। ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। ২ বলে ১ রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন। ফারুকি ৪ ওভারে ৪১ ও নটরাজন ৩ ওভারে ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ৩ ওভারে ৩২ রান দিয়ে উমরান মালিক নিলেন ১টি উইকেট। আদিল রশিদ অরেঞ্জ আর্মির হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিলেন, তবে উইকেট পাননি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications