IPL 2023: নীতীশ-রিঙ্কুর লড়াইয়ে কেকেআর তুলল ১৭১, সানরাইজার্সের বিরুদ্ধে ভোগাল ডেথ ওভারের ব্যাটিং
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক নীতীশ রানা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেকেআর তোলে ১৭১ রান।
চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৫ বলে সর্বাধিক ৪৬ রান করেন রিঙ্কু সিং। নীতীশ রানা করেন ৪২। মার্কো জানসেন ও টি নটরাজন একটি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ওভারের প্রথম বলে ৮ রানের মাথায় কেকেআরের ওপেনিং জুটি ভাঙে। রহমানুল্লাহ গুরবাজকে গোল্ডেন ডাক উপহার দিয়ে সাজঘরে ফেরান মার্কো জানসেন। এই ওভারের শেষ বলে ভেঙ্কটেশ আইয়ার ৪ বলে ৭ রান করে আউট হন। ১৬ রানে দ্বিতীয় উইকেটের পতন।

জেসন রয় ব্যাক স্প্যাজমের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি। তিনি এদিন ১৯ বলে ২০ রান করে আউট হন কার্তিক ত্যাগীর বলে। কেকেআরের তৃতীয় উইকেট পড়ে ৪.৪ ওভারে ৩৫ রানের মাথায়। রয়ের ইনিংসে রয়েছে চারটি চার। ৬ ওভারের শেষে নাইটদের স্কোর ছিল ৩ উইকেটে ৪৯। নীতীশ রানা ও রিঙ্কু সিং অবস্থা সামাল দেন।

১১.২ ওভারে ৯৬ রানে কেকেআরের চতুর্থ উইকেট পড়ে। নীতীশ রানা তিনটি করে চার ও ছয়ের সাহায্যে এইডেন মার্করামের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন। খুব ভালো ক্যাচ ধরেন সানরাইজার্স অধিনায়ক। ১৪.২ ওভারে ১২৭ রানের মাথায় আন্দ্রে রাসেল শিকার হন ময়াঙ্ক মার্কণ্ডের। ১টি চার ও ২টি ছয় মেরে রাসেল ১৫ বলে ২৪ রান করেন।

সুনীল নারিন ২ বলে ১ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। কেকেআরের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ১৩০। ১৭.৩ ওভারে ১৫১ রানে সপ্তম উইকেটের পতন। শার্দুল ঠাকুর ৬ বলে ৮ রান করে টি নটরাজনের শিকার। সুযশ শর্মাকে বোলিংয়ের সময় নামাতে পারবে না কেকেআর। কারণ, শার্দুলের আউটের পর ইমপ্যাক্ট প্লেয়ার অনুকূল রায় ব্যাট করতে নামেন।

৭ থেকে ১৫ ওভারে কেকেআর ৮০ রান তোলে, এই সময়কালে ২টি উইকেটও হারায়। শেষ ওভারে নটরাজনের বলে রিঙ্কুর ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন আবদুল সামাদ। পরের বলেই রান আউট হন হর্ষিত রানা (১ বলে ০)। শেষ পাঁচ ওভারে কেকেআর মাত্র ৪২ রান তুলতে সক্ষম হয়। তাও চার উইকেটের বিনিময়ে।
অনুকূল রায় ৭ বলে ১৩ ও বৈভব অরোরা ১ বলে ২ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে মাত্র তিন রান দেন নটরাজন। তিনি ৪ ওভারে ৩০ ও মার্কো জানসেন ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে নেন ২টি করে উইকেট।

ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৩, কার্তিক ত্যাগী ২ ওভারে ৩০, এইডেন মার্করাম ৩ ওভারে ২৪ ও ময়াঙ্ক মার্কণ্ডে ৪ ওভারে ২৯ রান খরচ করে একটি করে উইকেট পেলেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications