IPL 2023: শিখরের শতরান অধরা, পেলেন কমলা টুপি! হায়দরাবাদকে ১৪৪ রানের টার্গেট দিল পাঞ্জাব
আইপিএলে আজ হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস দ্বৈরথ হয়ে দাঁড়াল সানরাইজার্স বনাম শিখর! উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয় সামলে পাঞ্জাব কিংস তুলল ৯ উইকেটে ১৪৩। শিখর ধাওয়ান অপরাজিত থাকলেন ৯৯ রানে।
মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া হলেও সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে কমলা টুপির দখল নিলেন গব্বর। ময়াঙ্ক মার্কণ্ডে পেলেন চার উইকেট।

টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম বলেই প্রভসিমরণ সিং লেগ বিফোর হন ভুবনেশ্বর কুমারের বলে। ১.২ ওভারে ম্যাথু শর্ট (৩ বলে ১) রান করে আউট হন দলের ১০ রানের মাথায়। তাঁর উইকেটটি নেওয়ার পর জিতেশ শর্মার উইকেটটিও তুলে নেন মার্কো জানসেন। জিতেশ ৯ বলে ৪ রান করেন।

পাঞ্জাবের তৃতীয় উইকেটটি পড়ে ৩.৫ ওভারে ২২ রানে। এরপর স্যাম কারান জুটি বাঁধেন শিখর ধাওয়ানের সঙ্গে। ৮.৫ ওভারে দলের ৬৩ রানে সাজঘরে ফেরেন চারে নামা কারান। তিনি ১৫ বলে ২২ রান করে ময়াঙ্ক মার্কণ্ডের শিকার। প্রভসিমরণের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সিকান্দর রাজা ব্যর্থ। তাঁকে ফেরান উমরান মালিক। রাজা করেন ৬ বলে ৫। ৯.৫ ওভারে তখন স্কোর ৫ উইকেটে ৬৯।

১০.৪ ওভারে ৭৪ রানে শাহরুখ খান (৩ বলে ৪), ১১.২ ওভারে দলের ৭৭ রানে হরপ্রীত ব্রার (২ বলে ১), ১২.৫ ওভারে ৭৮ রানে রাহুল চাহার (৮ বলে ০) প্যাভিলিয়নে ফেরেন। ১৫তম ওভারের শেষ বলে পড়ে নবম উইকেট। নাথান এলিস ৫ বলে ০ রানে মার্কণ্ডের চতুর্থ শিকার।

এরপর আর উইকেট হারায়নি পাঞ্জাব কিংস। ভারতের সাদা বলের দলে ব্রাত্য শিখর ধাওয়ান ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। শেষ ওভারে টি নটরাজন বোলিং শুরুর সময় তিনি ৬০ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন। অবশ্য শেষ বলে ছক্কা হাঁকালেও শতরান আসেনি। ১২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকলেন গব্বর। দখলে নিলেন অরেঞ্জ ক্যাপ।
আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের ২২২ রানের মধ্যে ব্রেন্ডন ম্যাকালাম অপরাজিত ১৫৮ করেছিলেন, যা দলের মোট রানের ৭১.২ শতাংশ। এদিনের ইনিংস ম্যাকালামের পরেই রাখল শিখরকে। শিখরের অবদান দলের মোট রানে ৬৯.২ শতাংশ। দশম উইকেট জুটিতে ওঠে ৫৫, তার মধ্যে শিখরের অবদান ৫২। রানের নিরিখে ৯৪.৫৫ শতাংশ, যা আইপিএলে পঞ্চাশোর্ধ্ব পার্টনারশিপে রেকর্ড।
শিখরের সঙ্গে ২ বলে ১ রানে অপরাজিত থাকেন মোহিত রথী। হায়দরাবাদে শিখরের নামে জয়ধ্বনি দেন দর্শকরা। ধাওয়ান বলেন, হায়দরাবাদ আমাকে মনে রেখেছে দেখে ভালো লাগছে। আমার খেলা অন্যতম সেরা ইনিংস এটি। শেষ অবধি থাকতে পেরেছি, যখন অপর প্রান্তে উইকেট পড়ছিল।

ময়াঙ্ক মার্কণ্ডে ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন। উমরান মালিক ৪ ওভারে ৩২ রান দিয়ে এবং মার্কো জানসেন একটি মেডেন-সহ তিন ওভারে ১৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications