IPL 2023: মার্শের দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও জিতল সানরাইজার্স, আইসিইউতে দিল্লি ক্যাপিটালস!
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল সানরাইজার্স হায়দরাবাদ। অরুণ জেটলি স্টেডিয়ামে এইডেন মার্করামের দল জিতল ৯ রানে। প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল ডেভিড ওয়ার্নারদের। বাকি ৬টি ম্যাচে জিতলেও তা যথেষ্ট নাও হতে পারে।
জয়ের জন্য ১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসকে ফের ভোগালেন ব্যাটাররা। মিচেল মার্শ বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেন। অর্ধশতরান ফিল সল্টেরও। যদিও বাকিরা ব্যর্থ।

প্রথম ওভারের দ্বিতীয় বলে ডেভিড ওয়ার্নার শূন্য রানে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে যান। এরপর ১১২ রানের পার্টনারশিপ গড়েন ফিল সল্ট ও মিচেল মার্শ। ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৫৭। ৫.১ ওভারে ৫০ ও ৯.২ ওভারে ১০০ রান পূর্ণ হন। সল্ট ২৯ ও মার্শ ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন।

দ্বিতীয় উইকেট জুটিতে মার্শ ও সল্ট শতরানের পার্টনারশিপ গড়তে নেন ৫৪ বল। ১১.২ ওভারে সল্টকে সাজঘরে ফেরান ময়াঙ্ক মার্কণ্ডে। ৯টি চারের সাহায্যে তিনি করেন ৩৫ বলে ৫৯। এরপরই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে হারাতে ম্যাচ থেকেই হারিয়ে যায় ক্যাপিটালস। ১৬.৫ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮।
মিচেল মার্শ ১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৩ রান করে আউট হলে দিল্লির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১২৫। ফলে বোঝাই যাচ্ছে মার্শ অর্ধেকেরও বেশি রান করেছিলেন তখনও অবধি। মণীশ পাণ্ডে ১, প্রিয়ম গর্গ ১২, সরফরাজ খান ৯ রানে আউট হন।

অক্ষর ১৪ বলে ২৯ ও রিপল ৮ বলে ১১ রানে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেননি। দিল্লি শেষ অবধি তোলে ৬ উইকেটে ১৮৮। ৭ থেকে ১৫ ওভারে সানরাইজার্স যেখানে তুলেছিল ৭৩ রান, সেখানে দিল্লি তোলে ৮১। ১৬ থেকে ২০ ওভারে হায়দরাবাদ ৬২ রান তোলে, দিল্লি ৫০-এর বেশি পারেনি। ফারাক এখানেই।
মার্শ ও সল্টের ভালো পার্টনারশিপের পর ক্রমাগত উইকেট হারানো, পার্টনারশিপ গড়তে না পেরে মাত্র ৯ রানে হতাশাজানক বলে উল্লেখ করেছেন ওয়ার্নার। এখন যা পরিস্থিতি তাতে দিল্লিকে বাকি ৬ ম্যাচে জিততেই হবে। ১৬ পয়েন্ট প্লে-অফে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত হবে কিনা সেটাও দেখার। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

ময়াঙ্ক ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নিলেন। ভুবনেশ্বর কুমার, আকিল হোসেন, টি নটরাজন ও অভিষেক শর্মা একটি করে উইকেট পান। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে উঠে এলো সানরাইজার্স। নেট রান রেটে হায়দরাবাদ (-০.৫৭৭) পিছনে ফেলল মুম্বই ইন্ডিয়ান্সকে (-০.৬২০)। মুম্বইয়ের ৬ পয়েন্ট সাত ম্যাচে।

সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৭ রান তুলেছিল। ওপেনার অভিষেক শর্মা ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৬৭ রান করেন। মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে হেইনরিখ ক্লাসেন ২৭ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। ২১ বলে ২৮ করেন আবদুল সামাদ।
১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন আকিল হোসেন। দিল্লি ক্যাপিটালসের সফলতম বোলার মিচেল মার্শ। তিনি একটি মেডেন-সহ ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। ইশান্ত শর্মা ৩ ওভারে ৩১ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৯ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications