Aiden Markram: আইপিএলে নতুন অধিনায়ক! সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে এইডেন মার্করাম
আইপিএলে নতুন অধিনায়কের নেতৃত্বে এবার নামবে সানরাইজার্স হায়দরাবাদ। এইডেন মার্করামের নাম অধিনায়ক হিসেবে আজ ঘোষণা করা হয়েছে।
আইপিএলে সাফল্যের মুখ দেখতে নতুন অধিনায়ক বেছে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলের আগে নিলাম হয়েছিল তাতে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি দল ঢেলে সাজিয়েছে। নিলামের আগে সিংহভাগ ক্রিকেটারকেই ছেড়ে দেওয়া হয়েছিল। আজ নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হলো সানরাইজার্স হায়দরাবাদের তরফে।

মার্করাম সানরাইজার্সের নেতৃত্বে
দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করাম এবার সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন। ২ এপ্রিল হায়দরাবাদে রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষিণ আফ্রিকায় এবার থেকেই শুরু হয়েছে টি ২০ লিগ- এসএ ২০। তাতে সানরাইজার্স হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির দল ছিল। মার্করামের নেতৃত্বেই সানরাইজার্স ইস্টার্ন কেপ প্রথম এসএ ২০ (SA 20) খেতাব জিতেছে। সেই সাফল্যের ধারা আইপিএলে বজায় রাখার আশা নিয়ে মার্করামকে আইপিএল দলের অধিনায়কও করা হলো।
|
এই নিয়ে তৃতীয়বার আইপিএলে
এইডেন মার্করাম এখনও অবধি মাত্র দুটি মরশুম খেলেছেন আইপিএলে। ২০২১ সালে ইংল্যান্ডের ডেভিড মালানের পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। সেবার ৬টি ম্যাচে তিনি ১৪৬ রান করেছিলেন, সর্বাধিক স্কোর ছিল ৪২। গত বছরের আইপিএলের আগে মার্করামকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির হয়ে তিনি ১৪টি ম্যাচে ৪ বার অপরাজিত থেকে ৩৮১ রান করেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৬৮। গড় ৪৭.৬৩, স্ট্রাইক রেট ১৩৯.০৫। তিনটি অর্ধশতরানও পান।টি ২০ কেরিয়ারে ১০৭টি ম্যাচ খেলেছেন মার্করাম। ৯৭ ইনিংসে ১৬ বার অপরাজিত থেকে ২৭৭০ রান করেছেন। একটি শতরান ও ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

মিনি অকশনের আগে যাঁদের ধরে রাখা হয়
আইপিএল মিনি অকশনের আগে সানরাইজার্স হায়দরাবাদ মার্করাম ছাড়াও যে ক্রিকেটারদের রেখে দিয়েছিল তাঁরা হলেন আবদুল সামাদ, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিককে। ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করেও লাভ হয়নি। মিনি অকশনের আগে উইলিয়ামসনকে ছেড়েও দেয় হায়দরাবাদ।

ময়াঙ্ক খেলবেন সাধারণ ক্রিকেটার হিসেবেই
অধিনায়ক হওয়ার দৌড়ে মার্করামের সঙ্গে ভুবনেশ্বর কুমার ও ময়াঙ্ক আগরওয়াল রয়েছেন বলে জল্পনা চলছিল। ময়াঙ্ককে পাঞ্জাব কিংস ছেড়ে দেওয়ায় তাঁকে নেয় সানরাইজার্স। কিন্তু পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক ময়াঙ্ককে অধিনায়ক করল না হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। এবারের মিনি অকশন থেকে ময়াঙ্ককে ৮.২৫ কোটি টাকায় কেনে সানরাইজার্স। হ্যারি ব্রুককে নিয়েছে ১৩.২৫ কোটি টাকা খরচ করে। হেইনরিখ ক্লাসেনকে ৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স।












Click it and Unblock the Notifications