IPL 2023: বিরাটকে ওভারট্রাম্প শুভমানের! গিলের উপর্যুপরি শতরানে আরসিবি বধ গুজরাতের, প্লে-অফে মুম্বই
বিরাট কোহলির পর আইপিএলে উপর্যুপরি শতরানের নজির গড়লেন শুভমান গিল। দুজনেই আগের ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। বিরাট এদিন আইপিএল কেরিয়ারের সপ্তম শতরানটি হাঁকান, গিল পেলেন দ্বিতীয় শতরান।
বিরাট কোহলির শতরান আরসিবিকে প্লে-অফে পৌঁছনোর পক্ষে যথেষ্ট হলো না। কিন্তু গিলের সেঞ্চুরি আরসিবিকে ছিটকে দিয়ে প্লে-অফে নিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সকে। বুধবার এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন রোহিতরা।

১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় গুজরাত টাইটান্স। ১৪ বলে ১২ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন ঋদ্ধিমান সাহা। এরপর ৭১ বলে ১২৩ রানের পার্টনারশিপ গড়েন শুভমান গিল ও বিজয় শঙ্কর। গিল ২৯ বলে ও বিজয় ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন।

১৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। ১৫তম ওভারের পঞ্চম বলে বিজয় শঙ্করকে আউট করেন বিজয়কুমার ভাইশাক। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৩ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন শঙ্কর। ১৫.৩ ওভারে দাসুন শনাকা (৩ বলে ০)-র উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন হর্ষল প্যাটেল।

শুভমান টি ২০ কেরিয়ারে ২৫ বার ৫০ রানের গণ্ডি টপকালেন। সর্বকনিষ্ঠ হিসেবে এই কীর্তির রেকর্ডটি তিনি নিলেন আহমেদ শেহজাদের থেকে। ২৩ বছর ২৫৫ দিনের মাথায় এই নজির গিলের। ২৪ বছর ৭৫ দিনের মাথায় এই নজির গড়েছিলেন শেহজাদ। বাবর আজমের লেগেছিল ২৪ বছর ১৩৫ দিন, ঈশান কিষাণের ২৪ বছর ২৭২ দিন।

গুজরাত প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫১ রান তুলেছিল। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৯৭ রান, ১ উইকেটে। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৫০ রান। শেষ চার ওভারে ৪৩, শেষ তিন ওভারে ৩৪। ১৭.৪ ওভারে ৭ বলে ৬ রান করে মহম্মদ সিরাজের শিকার ডেভিড মিলার।
১৭১ রানে পড়েছিল চতুর্থ উইকেট। তখনও ১৪ বলে দরকার ছিল ২৭ রান। সিরাজের ওভারের শেষ বলে ছক্কা মেরে সমীকরণ ১২ বলে ১৯-এ নামিয়ে আনেন গিল। ১৯.১ ওভারে চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। ওয়েন পার্নেলের বলে ছয় হাঁকিয়ে শতরান পূর্ণ করেন শুভমান।
Shubman Gill seals off the chase with a MAXIMUM 👏🏻👏🏻@gujarat_titans finish the league stage on a high 😎#TATAIPL | #RCBvGT pic.twitter.com/bZQJ0GmZC6
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
শুভমান শেষ ২২টি টি ২০ ইনিংসে চারটি সেঞ্চুরি পেলেন। আজ পাঁচটি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৫২ বলে ১০৪ রানে অপরাজিত থাকলেন। রাহুল তেওয়াটিয়া ৫ বলে ৪ রানে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ ২টি, বিজয়কুমার ভাইশাক ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। বিরাট কোহলির ৬১ বলে অপরাজিত ১০১ রানের দৌলতে টাইটান্স তোলে ৫ উইকেটে ১৯৭। ফাফ দু প্লেসি ২৮, মাইকেল ব্রেসওয়েল ২৬ ও অনুজ রাওয়াত অপরাজিত ২৩ রান করেন।

নূর আহমেদ ২টি, রশিদ খান, মহম্মদ শামি ও যশ দয়াল ১টি করে উইকেট নেন। গুজরাত ২০ পয়েন্টে পৌঁছে গেল। মঙ্গলবার হার্দিকরা খেলবেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। বিরাট কোহলিদের কাপ জয়ের স্বপ্ন এবারও চুরমার হয়ে গেল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications