IPL 2023: আইপিএলে ফের গুজরাতকেই চ্যাম্পিয়ন দেখছেন রবি শাস্ত্রী, হরভজনের তালিকাতেও হার্দিকরা
আইপিএলে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। যদিও আজ হার্দিক পাণ্ডিয়ার দলকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিলে সঞ্জু স্যামসনরা ১ নম্বর জায়গাটি দখল করে ফেলবেন। প্লে-অফের দৌড় বেশ জমজমাট।
প্রাক্তন ভারত অধিনায়ক তথা ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন গুজরাত টাইটান্স এবারও আইপিএল চ্যাম্পিয়ন হবে। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং জানিয়েছেন, প্লে-অফে গুজরাতের সঙ্গেই আর কোন তিনটি দল উঠতে পারে। ফলে গতবারের চ্যাম্পিয়নরা বাকিদের চেয়ে এগিয়ে।

লখনউ, চেন্নাই, পাঞ্জাব ও কলকাতা এখনও অবধি ১০টি করে ম্যাচ খেলেছে। বাকি দলগুলি খেলেছে ৯টি করে ম্যাচ। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাত। লখনউ ও চেন্নাইয়ের রয়েছে ১১ পয়েন্ট করে। লখনউয়ের চেয়ে নেট রান রেটে পিছিয়ে চেন্নাই। রাজস্থান রয়্যালস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস ১০ পয়েন্টে দাঁড়িয়ে।
সানরাইজার্স হায়দরাবাদকে গতকাল কেকেআর হারিয়ে দেওয়ায় নাইটদের পয়েন্ট ১০ ম্যাচে ৮। সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ৯ ম্যাচে ৬ পয়েন্ট করে সংগ্রহ করে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে। প্লে-অফে যেতে কেকেআর, সানরাইজার্স ও দিল্লিকে সব ম্যাচেই জিততে হবে।

রবি শাস্ত্রী স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক ফর্ম ও দলগত অবস্থানের নিরিখে আমার বিশ্বাস গুজরাতই ট্রফি জিতবে। তাদের খেলায় ধারাবাহিকতা রয়েছে, দলে নমনীয়তাও রয়েছে। সাত-আটজন প্লেয়ার ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। দলের প্রত্যেক ক্রিকেটার একে অপরের খামতি মেটাতে প্রস্তুত।

গুজরাত-দ্বৈরথের আগে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের প্রশংসা করেছেন শাস্ত্রী। প্রথম সাক্ষাতে এবার রাজস্থান হারিয়ে দিয়েছিল গুজরাতকে। শাস্ত্রীর কথায়, অধিনায়ক হিসেবে সঞ্জু এখন অনেক পরিণত। স্পিনারদের খুব ভালোভাবে ব্যবহার করেন। তিন স্পিনারকে নিয়ে খেলতে পারেন একজন ভালো অধিনায়কই। সঞ্জু স্পিনারদের স্মার্টলি ব্যবহার করছেন।

হরভজন সিং স্টার স্পোর্টসের শো-তেই বলেন, গুজরাত নিশ্চিতভাবেই প্লে-অফে পৌঁছবে। চেন্নাই সুপার কিংসও শেষ চারে যাবে। মুম্বই ইন্ডিয়ান্সও আমার মতে প্লে-অফে পৌছবে। আরসিবি এখনও কিছুটা পিছনে রয়েছে। তবে আমার মনে হচ্ছে আরসিবিও শেষ চারে জায়গা করে নেবে। রাজস্থান রয়্যালস দৌড়ে থাকলেও মুম্বই বা অন্য কেউ তাদের টপকে যাবে।
কাল চেন্নাই-মুম্বই ও দিল্লি-আরসিবি ম্যাচ রয়েছে। রবিবার গুজরাত খেলবে লখনউ এবং রাজস্থান খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে। সোমবার কলকাতা-পাঞ্জাব দ্বৈরথ। এরই মধ্যে শেষ চারের সম্ভাব্য ছবিটা অনেকটা স্পষ্ট হতে পারে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications