প্রিয় বিরিয়ানি খাওয়া কেন ছাড়লেন শামি ফাঁস করলেন শ্রীবৎস
মহম্মদ শামির বিরিয়ানি প্রেমের গল্প বঙ্গ ক্রিকেটের অন্দরে অন্যতম চর্চার বিষয়। উত্তরপ্রদেশের ভূমিপুত্র শামি কলকাতায় আসার পরও ডুবে থাকতেন বিরিয়ানিতে। এমন কি বাংলা দলের হয়ে খেলতে গেলে সেখানেও তার অন্যতম প্রিয় পদ ছিল বিরিয়ানি। একটি ক্রিকেটেও আড্ডায় শামির বিরিয়ানির খাবার অজানা গল্পই প্রকাশ্যে আনলেন শ্রীবৎস্য গোস্বামী।
ক্রিকেটারদের ডায়েট এবং ফিটনেস নিয়ে আড্ডায় সঞ্চালক সাহেব ভট্টাচার্য প্রশ্নের উত্তরে শ্রীবৎস্য বলেন, 'একটা সময় বাংলা দলে আমি এবং শামি রুম মেট ছিলাম। প্রাতরাশ হোক বা নৈশ ভোজ শামির প্রথম পছন্দ ছিল বিরিয়ানি। সাধারণত অনুশীলন না থাকলে দেরি করে ঘুম থেকে উঠতেন শামি। আমরা ব্রেকফাস্ট করলেও বেশীরভাগ দিনই তা করত না শামি। সরাসরি মধ্যাহ্নভোজে এসে বিরিয়ানি অর্ডার করতেন। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যে কিংবা রাত শামি খেতে এলেই সেই একই মেনু অর্ডার দিতেন।'

যদিও বিরাট কোহলি টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়ে আসার পরই ফিটনেসে বিপ্লব নিয়ে আসেন। তখন থেকে শামির খাদ্য তালিকায় বাদ পড়ে বিরিয়ানি পদটি। এই ক্রিকেটীয় আড্ডায় উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। তিনি আবার শামির খাওয়ার নতুন গল্প সবার সামনে উপস্থাপন করেন। বিরিয়ানি বাদ দেওয়ার পর শামি প্রেমে পড়েন লেমন চিকেনের।
ব্যাঙ্গালোরের এনসিএতে দীর্ঘদিন একসঙ্গে ট্রেনিং করেছেন বাংলার পুরুষ এবং মহিলা দলের এই দুই তারকা ক্রিকেটার। ফলে শামির খাদ্যাভাস খুব সামনে থেকে দেখেছেন ঝুলনও। চাকদাহ এক্সপ্রেস বলেন, 'বিরিয়ানি খাওয়া ছাড়ার পরে লেমন চিকেন খেতে শুরু করেন শামি।আমার কেরিয়ারের শেষ দিকে বার বারই এনসিএতে যেতে হতো, ওখানে আমি আর শামি একসঙ্গে ট্রেনিং করতাম। এনসিএতে দুপুর বেলা লাঞ্চ করতে এলেই দু প্লেট লেমন চিকেন অর্ডার দিতেন মহম্মদ শামি।'

চোট এবং ফিটনেসের সমস্যা বারবারই ভুগিয়েছে শামিকে। কেরিয়ারের শুরুতে তার ফিটনেস নিয়েও প্রশ্ন করতে শুরু করেছিল। কিন্তু বিরাট কোহলি ভারত অধিনায়ক হয়ে আসার পরেই পাল্টে যায় শামির জীবনযাত্রা। ফিটনেসের প্রয়োজনে নিজের প্রিয় বিরিয়ানিকে বাদ দিতে এক বিন্দু ভাবেননি শামি। আসলে অনুশীলন এবং অনুশাসনের পৃথিবীর বাসিন্দা প্রত্যেক সফল ব্যক্তি। ব্যাতিক্রম নন শামিও। তাই শামির জীবনে বিরিয়ানি আউট, লেমন চিকেন ইন।












Click it and Unblock the Notifications