IPL 2023: শামির আগুনে স্পেলে ছারখার দিল্লি, সৌরভের দলের বিরুদ্ধে ঋদ্ধি 'সুপারম্যান'
আইপিএল থেকে দিল্লি ক্যাপিটালসকে ছিটকে দিতে গুজরাত টাইটান্সের প্রয়োজন ১৩১ রান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্যাটারদের রোগ সারেনি।
মহম্মদ শামির আগুনে স্পেল ও ঋদ্ধিমান সাহার উইকেটের পিছনে ফের সুপারম্যান হয়ে ওঠার জেরে প্রথম ৬ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বেসামাল হয়ে যায় ক্যাপিটালস। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৮ উইকেটে ১৩০ রান।

শামির প্রথম বলেই আউট ফিল সল্ট। পাঁচ ওভারে ২৫ রানের মাথায় পড়ে পঞ্চম উইকেট। মহম্মদ শামি এর মধ্যে চারটি উইকেট নেন। প্রিয়ম গর্গের দোষে রান আউট হয়ে ফিরতে হয় ডেভিড ওয়ার্নারকে (২ বলে ২)। প্রিয়ম গর্গ রান নিতে ডেকে কয়েক পা এগিয়েই থমকে যান। ফলে ফেরার সুযোগ পাননি ওয়ার্নার।
রশিদ খান ওয়ার্নারকে রান আউট করেন। ১.১ ওভারে ৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে। রাইলি রুসো (৬ বলে ৮), মণীশ পাণ্ডে (৪ বলে ১) ও প্রিয়ম গর্গ (১৪ বলে ১০) শামির শিকার। তিনটি ক্যাচই ধরেন ঋদ্ধিমান সাহা। যেভাবে ঝাঁপিয়ে হাতের তালুর মাঝখান দিয়ে ঋদ্ধি ক্যাচ ধরছেন তার প্রশংসা করেন সুনীল গাভাসকর।

১৪তম ওভারে ৭৩ রানের মাথায় আউট হন অক্ষর প্যাটেল। ৩০ বলে ২৭ রান করে তিনি মোহিত শর্মার বলে আউট হন। এরপর আমন হাকিম খান ও রিপল প্যাটেল দলকে এগিয়ে নিয়ে যান। ৪১ বলে প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি আমনের। ১৯তম ওভারের তৃতীয় বলে তিনি রশিদ খানের শিকার।
আমন তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫১ করেন। ১২৬ রানে সপ্তম উইকেট হারায় দিল্লি। রশিদ খান এদিন কেরিয়ারের ৪০০তম টি ২০ ম্যাচটি খেলছেন। নিজের চতুর্থ ওভার করতে গিয়ে প্রথম উইকেটটি পান রশিদ। তিনি চার ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট পেলেন।
১৯.৫ ওভারে রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রান করে মোহিত শর্মার আইপিএলে শততম শিকার হলেন। ৬ বলে তিন রানে অপরাজিত থাকেন আনরিখ নরকিয়া।

মহম্মদ শামি ৪ ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নেন, ১৯টি ডট বল। চলতি আইপিএলে পাওয়ারপ্লেতে শামিই সবচেয়ে বেশি উইকেট দখল করেছেন। আপাতত ১৭ উইকেট নিয়ে তিনিই সর্বাধিক উইকেটশিকারী, পেলেন বেগুনি টুপি। মোহিত শর্মা ৪ ওভারে ৩৩ রান খরচ করে দুটি উইকেট ঝুলিতে পুরলেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications